দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রীর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’ রিলিজের পরই শিয়রে শমন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের। দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীদের মাদক সরবরাহের অভিযোগে এমনিতেই নাম জড়িয়েছে বিবেকের শ্যালক আদিত্য আলভার। তাকে খুঁজতে বিবেকের মুম্বইয়ের বাড়িতে হানা দিয়েছে বেঙ্গালুরু পুলিশের বিশেষ দল। মাদক-কাণ্ডে অভিনেতার বিরুদ্ধে তদন্ত করুক নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, এমনটাই দাবি করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদক যোগ উঠে আসার পরে নাম জড়িয়েছে একাধিক বলি অভিনেতা-অভিনেত্রী-প্রযোজকের। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে দীপিকা পড়ুকোন, সারা আলি খান এবং দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ সহ একাধিক অভিনেত্রীকে। বলিউড শুধু নয়, দক্ষিণী সিনেমার জগতেও মাদক যোগে ধরপাকড় শুরু করেছে পুলিশ। কন্নড় অভিনেতা অভিনেত্রীদের মাদক সরবরাহে নাম জড়িয়েছে বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্যর। সেই সূত্রে বিবেকের স্ত্রী প্রিয়ঙ্কা আলভাকে নোটিশও পাঠিয়েছে বেঙ্গালুরু পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাদক কাণ্ডে বিবেকের বিরুদ্ধেও তদন্ত শুরু করুক এনসিবি। যদি তারা না পারে, তাহলে মহারাষ্ট্র পুলিশকে সে দায়িত্ব দেওয়া হোক।
তদন্তকারীরা জানিয়েছেন, মাদক মামলায় কন্নড় ছবির অভিনেত্রী রাগিনী দ্বিবেদী ও সঞ্জনা গালরানিকে গ্রেফতার করার পর থেকেই বেপাত্তা আদিত্য আলভা। মূলত স্যান্ডলউড মাদক মামলায় আদিত্যকে খুঁজছে পুলিশ। দক্ষিণী ছবির জগতে ওই নামেই মাদক পাচারের কাজ চলে। গোয়েন্দা অফিসাররা বলছেন, মাদক পাচারের একটা বড়সড় চক্র কাজ করছে। ওই চক্রের ১৫ জন পান্ডা এখন পুলিশের জালে রয়েছে। আদিত্যকে ধরতে পারলে ওই চক্রের মাথাদের খোঁজ মিলবে।
গতকাল, বৃহস্পতিবারই আদিত্যকে খুঁজতে বিবেকের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তদন্তকারীরা বলেছেন, আদিত্য বিবেকের বাড়িতেই লুকিয়ে রয়েছেন এমন খবর পাওয়া গিয়েছিল। তাই অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে পুলিশ হাজির হয়েছিল অভিনেতার মুম্বইয়ের বাসভবনে। কিন্তু আদিত্যর খোঁজ মেলেনি। তবে তাকে শীঘ্রই ধরে ফেলা হবে বলে জানিয়েছেন ক্রাইম ব্র্যাঞ্চের অফিসাররা।