বালাকোটের এয়ার স্ট্রাইকের নাম করে দিনভর ভাইরাল হল ভিডিও গেমের ক্লিপিং!
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভোর রাতে বালাকোটে ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক সফল হওয়ার খবর আসার কিছু ক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় এসে গেছিল সেই স্ট্রাইকের ভিডিও ক্লিপ। স্বাভাবিক ভাবেই হু হু করে তা ছড়িয়ে পড়ে দেওয়ালে দেওয়ালে। ভাগ হয়ে যায়
শেষ আপডেট: 27 February 2019 04:28
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভোর রাতে বালাকোটে ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক সফল হওয়ার খবর আসার কিছু ক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় এসে গেছিল সেই স্ট্রাইকের ভিডিও ক্লিপ। স্বাভাবিক ভাবেই হু হু করে তা ছড়িয়ে পড়ে দেওয়ালে দেওয়ালে। ভাগ হয়ে যায় হোয়াটসঅ্যাপেও। কিন্তু ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ফাঁস হল বিস্ময়কর তথ্য। ভাইরাল হওয়া ভিডিওটি মোটেও বালাকোটের এয়ার স্ট্রাইকের নয়। এমনকী ওটা কোনও আসল ভিডিও-ই নয়, নিছক ভিডিও গেমের দৃশ্য। আর্মা-২ নামের একটি ভিডিও গেমের ক্লিপ বালাকোটের নাম করে ভাইরাল হয়েছে দিনভর।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও।
https://www.youtube.com/watch?v=afiyj_HIkMQ
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা চালায় জইশ জঙ্গি। মারাত্মক এই আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ানকে শহিদ হতে হয়। ক্ষোভে-দুঃখে ফেটে পড়ে সকলে, প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সারা দেশে। পাল্টা বদলা নেওয়ার দাবি ওঠে। এমনকী প্রশ্নও উঠতে শুরু করে, পুলওয়ামার জঙ্গি হামলার বদলা কেন নেওয়া হচ্ছে না।
ঘটনার ১২ দিন পরে, মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীরের বালাকোটে জইশ জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ু সেনা। যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর সাহায্যে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় মুজফফরাবাদ সেক্টরের সমস্ত জঙ্গি ঘাঁটি।
এর পরেই ইন্ডিয়ান এয়ারফোর্সের এত বড় অপারেশনের নমুনা হিসেবে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়।যেখানে দেখা যায়, কখনও যুদ্ধবিমান থেকে মিসাইল ছোড়া হচ্ছে, তো আবার কখনও মানুষদের টার্গেট করে গুলি ছোড়া হচ্ছে। স্বাভাবিক ভাবেই সেই রোমহর্ষক ভিডিও এক ওয়াল থেকে অন্য ওয়ালে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কেউ সেই ভিডিও শেয়ার করে ভারতীয় বায়ুসেনার জয়গান গায়ছে, কেউ আবার মোদীকে ধন্যবাদ দিচ্ছেন এই কাজের জন্য।
দেখুন ভিডিও গেমের সেই ক্লিপ।
https://www.youtube.com/watch?time_continue=1&v=E7CnMEhF54o
কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হল, আসলে এটি একটি ভিডিও গেমের দৃশ্য! ‘আর্মা-২' নামের ভিডিও গেমের একটা জায়গায় এই দৃশ্যটি রয়েছে। আর ২০ সেকেন্ডের সেই ভিডিও যাচাই না করেই ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।