
শেষ আপডেট: 31 August 2022 04:56
দ্য ওয়াল ব্যুরো: দিনকতক আগেই উত্তরপ্রদেশের (UP) মথুরা (Mathura) স্টেশনে ঘুমন্ত মায়ের (Mother) কোল থেকে ৭ মাসের শিশুকে (Child) তুলে নিয়ে গিয়েছিল পাচারকারীরা। তদন্তে জানা গিয়েছিল, ১ লক্ষ ৮০ হাজার টাকার বিনিময়ে পাচারকারীদের (Traffickers) থেকে শিশুটিকে কিনে (Bought) নিয়েছিলেন সে রাজ্যের বিজেপি নেত্রী (BJP Leader) বিনীতা আগরওয়াল ও তাঁর স্বামী। সেই ঘটনায় এবার ওই নেত্রীকে বহিষ্কার করল দল।
ওই নেত্রী ফিরোজাবাদ পুরসভার কর্মী। তাঁর ও তাঁর স্বামী কৃষ্ণ মুরারি আগরওয়ালের একটি কন্যাসন্তান রয়েছে। ছেলের অভাব পূরণ করতেই বিপুল টাকার বিনিময়ে শিশুটিকে কিনেছিলেন ওই দম্পতি, তদন্তে উঠে এসেছে এমন ভয়ঙ্কর তথ্য।
এই ঘটনা সামনে আসতেই অভিযুক্ত বিনীতা আগরওয়ালকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ফিরোজাবাদ মহানগর ইউনিটের সদস্য রাকেশ শঙ্খওয়ার। তাঁকে লেখা চিঠিতে স্পষ্টই জানানো হয়েছে, তার আচরণে দল অত্যন্ত অসন্তুষ্ট।
প্রসঙ্গত, গত ২৪ অগস্ট উত্তরপ্রদেশের মথুরা স্টেশনে ঘুমন্ত মায়ের পাশ থেকে তাঁর ৭ মাস বয়সি শিশুপুত্রকে সন্তর্পণে তুলে নিয়ে পালিয়েছিল এক দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে ধরার জন্য বিশেষ দল গঠন করেছিল পুলিশ। তার ১ সপ্তাহেই মধ্যেই মিলেছে সাফল্য। শিশুটিকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই। বিনীতা আগরওয়াল, তাঁর স্বামী সহ মোট ৮ জনকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।
অঘোরে ঘুমিয়ে মা, পাশ থেকে একরত্তিকে তুলে নিয়ে গেল চোর! দেখুন হাড়হিম করা ভিডিও