
শেষ আপডেট: 24 February 2024 09:22
দ্য ওয়াল ব্যুরো: দাউদাউ করে জ্বলছে গদাম ঘর। আশপাশের ঘনবসতিতে আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার সকালে আসানসোলের জামুড়িয়ার জাদুডাঙায় কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। জানা গেছে, পেট্রোপণ্য জাতীয় একপ্রকার পদার্থ পিপি ফোম তৈরি হত সেই কারখানায়।
শিল্প তালুকের ড্রিম পলিপ্যাক নামে এই কারখানার একটি গুদাম ঘরে সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে। কারখানার গুদাম ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন এলাকার লোকজন। আতঙ্কে চেঁচামেচি শুরু হয়ে যায়। এলাকাবাসীই খবর দেন দমকলে।
জামুরিয়া জাদুডাঙ্গা এলাকার ওই কারখানার চারপাশেই ঘনবসতি রয়েছে। আর তার সাথেই রয়েছে আরও বেশ কিছু কলকারখানা। কারখানা সংলগ্ন কয়েকটি গুদাম ঘরও রয়েছে। জানা গেছে, ওই গুদাম ঘরে পেট্রোপন্য জাতীয় পদার্থ জমা করা ছিল। সেখানেই আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে। একসময় আগুন বিধ্বংসী চেহারা নেয়। কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক। দমকল এসে আগুন নেভানোর চেষ্টা করছে বলে খবর।
কারখানার মালিক অজয় খৈতান বলছেন, “কারখানায় ফোম তৈরি হত। আগুন লেগে যায় আচমকাই। কারখানার গুদাম ঘর জ্বলতে থাকে। দমকল এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে এখনও বোঝা যাচ্ছে না।”
দমকল জানিয়েছে, আগুন সবটা নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।