পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দোকান বসানোকে কেন্দ্র করে গোলমালের পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর করা হয়।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 12 June 2025 12:00
দ্য ওয়াল ব্যুরো: মহেশতলার ঘটনায় (Maheshtala Incident) এনআইএ তদন্ত (NIA Investigation) চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই আবেদন জানিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন তিনি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুভেন্দু।
দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার বিকেলের পর থেকে অশান্ত হয়ে ওঠে মহেশতলা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দোকান বসানোকে কেন্দ্র করে গোলমালের পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে উন্মত্ত জনতা। তাতে জখম হয় একাধিক পুলিশ কর্মী। প্রায় গভীর রাত পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত ছিল। তাই বৃহস্পতিবার সকালেও এলাকায় পুলিশি টহল চলছে।
এমন পরিস্থিতিতে মহেশতলায় যাওয়ার অনুমতি চেয়ে রাজ্য পুলিশের ডিজি এবং ডায়মন্ড হারবারের এসপিকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। মহেশতলার ঘটনার প্রতিবাদে এ দিন দুপুর একটায় রাজ্যপালের কাছেও যাবেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার রাতেই ইস্যুটি নিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করতে গেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু ডিজির সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। সেই পরিপ্রেক্ষিতেই শুভেন্দু ফের একবার বাংলায় তথা মহেশতলায় আধাসেনা মোতায়েনের দাবি তুলেছেন। শুধু তাই নয়, বৃহস্পতিবার বিধানসভা অচল করার হুঙ্কারও দিয়েছেন।
বৃহস্পতিবার সকালেই শুভেন্দু জানান, মুলতবি প্রস্তাব জমা দেওয়া হয়েছে বিধানসভায়। প্রস্তাব খারিজ হলে ভিতরে-বাইরে প্রতিবাদ, বিক্ষোভ হবে।