
শেষ আপডেট: 20 February 2024 23:25
দ্য ওয়াল ব্যুরো: পুলিশ কর্তাকে খালিস্তানি বলে আক্রমণ করায় জল অনেক দূর গড়াল। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে আইজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানিয়ে দিলেন, কর্তব্যরত পুলিশকর্তার ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফৌজদারি দণ্ডবিধি ব্যাখ্যা করে সুপ্রতিম বলেন, বিভিন্ন পেশায় যাঁরা কাজ করেন তাঁদের কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রীষ্টান হতে পারেন। কেউ পাগড়ি বলেছেন বলে তাঁকে খালিস্তানি বলে দাগিয়ে দেওয়া যায় না।
মঙ্গলবার সকালে সন্দেশখালির উদ্দেশে রওনা হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ প্রমুখ। তাঁরা সন্দেশখালিতে যেতে চাইলে ধামাখালি এলাকায় ব্যারিকেড রেখে পথ আটকায় পুলিশ। তারপর পুলিশের সঙ্গে তুমুল বিতণ্ডা শুরু হয়ে যায় বিজেপির নেতা-নেত্রী ও কর্মী-সমর্থকদের।
অভিযোগ, এই তর্কাতর্কির সময়ে কর্তব্যরত আইপিএস অফিসার যশপ্রীত সিংকে বিজেপির কেউ খালিস্তানি বলে আক্রমণ করেন। যশপ্রীত হলেন স্পেশাল সুপারিনটেন্ডেন্ট (আইবি)। পুলিশের একাংশের অভিযোগ, অগ্নমিত্রা পল এই মন্তব্য করেছেন। আবার বিকেলে আইজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার দাবি করেছেন, ওই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। একটি ভিডিও ফুটেজে শুভেন্দুকে বলতেও শোনা গেছে, ‘এটা হচ্ছে খালিস্তানি’। দ্য ওয়াল অবশ্য সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি।
ঘটনার পর দেখা যায়, অগ্নিমিত্রাদের উদ্দেশে ওই পুলিশ অফিসার বলছেন, “পাগড়ি পরেছি বলে আমি খলিস্তানি? আপনি আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন? আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব”। বেশ উত্তেজিত দেখায় ওই অফিসারকে।
ওই তর্কাতর্কির ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে যায়। পরে তা টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তবে অগ্নিমিত্রা দাবি করেছেন, তিনি পুলিশ কর্তাকে খালিস্তানি বলেননি। তা ছাড়া ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, শিখ জাতিকে আমরা শ্রদ্ধা করি। বিজেপির কেউ খালিস্তানি বলেনি।