
শেষ আপডেট: 27 August 2023 12:17
দ্য ওয়াল ব্যুরো: এর আগে পুরুষদের বিশ্বকাপে মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করিয়েছেন (Sujata Kar coaching for Southern samity in Kolkata Premier league)। খেলিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও। আইএসএলে মুম্বই ও চেন্নাইয়ান এফসি দলে দেখা গিয়েছে মহিলা কোনও ফিজিও দায়িত্ব সামলাচ্ছেন।
এমনকী কলকাতা লিগে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচে রেফারিং করে নজির গড়েছিলেন শিলিগুড়ির মেয়ে কণিকা বর্মণ।
তিনি এর আগে একবার খবরের শিরোনামে এসেছিলেন পারিবারিক এক কারণে। হাসপাতালে কন্যা অ্যাডেনোভাইরাসে আক্রান্ত ছিলেন। সেইসময়ও কর্তব্যে অবিচল থেকে ইস্টবেঙ্গল মহিলা দলের কোচ হিসেবে ম্যাচে হাজির থেকেছেন।
এবারও তিনি সকলের আগ্রহের কেন্দ্রে। সম্প্রতি লিগে সাদার্ন সমিতির মূল কোচ রঞ্জন ভট্টাচার্য ছুটি নিয়েছিলেন কয়েকদিনের জন্য। সেইসময় সাদার্ন কর্তারা ঠিক করেন লিগের ম্যাচে সিএফসি-র বিপক্ষে রিজার্ভ বেঞ্চে কোচের ভূমিকায় থাকবেন সুজাতা। বাংলার এই নামী প্রাক্তন তারকাকে এই নিয়ে বলাতে তিনি রাজি হয়ে যান।
রবিবার দুপুরে সুজাতা এই নিয়ে দ্য ওয়ালকে জানালেন, ‘আমার কাছে এই নিয়ে কোনও সংশয় ছিল না। কারণ এই দলটিকে আমি সহকারী কোচ হিসেবে দেখভাল করছি গত চার মাস ধরে। সব ফুটবলাররা আমার ভাইয়ের মতো। ওরাও আমাকে দিদি বলে ডাকে। ওদের ডাকের মধ্যেও আন্তরিকতা রয়েছে। আমি যা বলি, ওরা সেটাই করার চেষ্টা করে।’ সুজাতা এও জানালেন, তিনি ভাইফোঁটাও দেবেন দলের সব ফুটবলারকে।
ছেলেদের ও মহিলাদের দলের কোচিংয়ের প্রাথমিক শর্ত কী, প্রশ্ন করলে সুজাতা বলে দেন, ‘মেয়েদের ফুটবলের প্রাথমিক পাঠ শেখাতে হয়। কারণ মেয়েরা জেলা থেকে কলকাতায় এসে ফুটবলের আধুনিক কোচিং পায়। ছেলেরা এদিক থেকে এগিয়ে রয়েছে। ওদের মানসিকতা বুঝে কোচিং করতে পারলে কাজ অনেক সহজ হয়ে যায়। ওদের টেকনিক্যাল জ্ঞান বেশি থাকে। আর কোচ হিসেবেও শান্ত থাকতে হয়।’
সুজাতার লক্ষ্য আরও বড়। তাঁর স্বপ্ন জাতীয় দলে মহিলা দলের কোচিং করানো। পাশাপাশি কলকাতার দুই প্রধানের জুনিয়র দলকে সামলানোও তাঁর কাছে চ্যালেঞ্জ। এমনকী যদি সুযোগ পান, তা হলে লিগে দু’প্রধানের বিরুদ্ধে কোচিং করিয়ে জেতাও স্বপ্ন বাংলার একদা নামী মহিলা স্ট্রাইকারের।
আরও পড়ুন: ইস্টবেঙ্গল কোচ সুজাতার বিরল নজির, হাসপাতালে গুরুতর অসুস্থ মেয়ে, তবু মাঠে মা