
শেষ আপডেট: 13 November 2022 10:24
দ্য ওয়াল ব্যুরো: ভোটের টিকিট না পেয়ে আত্মহত্যার হুঁশিয়ারি (Suicide Threat) দেওয়া নতুন কিছু নয়। রবিবার দিল্লিতে (Delhi Municipality Election) আপের এক নেতা (AAP Leader) বিদ্যুতের হাই-টেনশন খুঁটির উপর উঠে আত্মহত্যার হুঁশিয়ারি দেন। সূত্রের খবর, পুলিশ ও দমকল বাহিনীর লোকজন এখনও তাঁকে খুঁটির উপর থেকে নামাতে পারেনি। এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ রেখে ওই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা হচ্ছে। কিন্তু তিনি কোনও কথা শুনতে নারাজ।
আপের ওই নেতার নাম হাসিব উল হাসান। আজ দিল্লির শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের সামনে হাই টেনশন তারের টাওয়ারে উঠে পড়েন তিনি। তাঁর অভিযোগ, টিকিট না দিয়ে দল তাঁর সঙ্গে প্রতারণা করেছে।
ওই ব্যক্তি দিল্লির বর্তমান পুর নিগমে আপের প্রাক্তন কাউন্সিলর। তাঁর দাবি, এবার তাঁকে টিকিট দেওয়া হবে বলে দলের তরফে বলা হয়েছিল। কিন্তু পর পর প্রকাশিত দুটি তালিকায় তাঁর নাম নেই।
২৫০ ওয়ার্ডের দিল্লি পুর নিগমের ভোটে আপ প্রথম দফায় ১৩৪ জনের নামের তালিকা প্রকাশ করে। তাঁদের মধ্যে ৭০ জন মহিলা। গতকাল সন্ধ্যার পর প্রকাশ করা হয় আরও১১৭জনের নামের তালিকা। তালিকায় নাম না দেখে আত্মহত্যার হুঁশিয়ারি দিয়ে নেতাদের নজর কাড়ার চেষ্টা করছেন হাসিব উল হাসান।
রায়গঞ্জে বধূ খুনের তদন্তে নয়া মোড়, ফেসবুকে বিবাহ বহির্ভূত সম্পর্ক ভাঙাই কি কাল হল