
শেষ আপডেট: 28 February 2025 12:17
দ্য ওয়াল ব্যুরো: গত আট বছর ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে (divorce case) কলকাতার প্রাক্তন মহা নাগরিক শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee)। নিম্ন আদালত ছাড়িয়ে সম্প্রতি ওই মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court )।
শুক্রবার ওই মামলায় চূড়ান্ত রায় দেবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য। স্বভাবতই, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে।
তাৎপর্যপূর্ণভাবে এই মামলায় শোভনের আইনজীবী তৃণমূলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যিনি আগের দিন কোর্টের সওয়ালে তৃণমূল বিধায়ক রত্নার বিরুদ্ধে 'প্রভাবশালী তত্ত্ব' খাড়া করে শোভনকে 'হেনস্থা' করার অভিযোগও এনেছিলেন। পাল্টা হিসেবে সংবাদমাধ্যমে কল্যাণের বিরুদ্ধে একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছিল রত্নাকেও।
রত্না দাবি করেছিলেন, আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাতেই তিনি নাকি শোভন চট্টোপাধ্যায়কে ডিভোর্স দিচ্ছেন না। যদিও রত্নার আনা অভিযোগ উড়িয়ে দেন কল্যাণ। এমনকী এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে রত্নার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগও এনেছিলেন কল্যাণ।
আদালত সূত্রের খবর, সেই সময় আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রত্না চট্টোপাধ্যায় কে কী উপদেশ দিয়েছিলেন, সেই সংক্রান্ত বিষয় শুক্রবার নতুন করে আদালতে দৃষ্টি আকর্ষণ করেছেন রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবী।
আগের দিন আড়াই ঘণ্টা ধরে হাইকোর্টে চলেছিল শোভন-রত্নার ডিভোর্স মামলা। যেখানে রত্নার বিরুদ্ধে টানা ৪৫ মিনিট সওয়াল করতে দেখা গিয়েছিল কল্যাণকে। স্বভাবতই, আজ কী হয়, তা নিয়ে কৌতূহল রয়েছে আইনজীবীদের মধ্যেও।