
শেষ আপডেট: 7 March 2023 09:04
দ্য ওয়াল ব্যুরো: জিনিসের বিক্রি বাড়ানোর জন্য অনেক সময়ই 'অফার' দেন ব্যবসায়ীরা। তাতে কখনও যেমন থাকে ছাড়ের ব্যবস্থা, তো কখনও বিনামূল্যে দেওয়া হয় উপহার। সম্প্রতি এক দোকানদার এমনই অভিনব অফারের কথা ঘোষণা করেছিলেন, যাতে খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত তাঁর দোকানের সামনে ভিড় সামলানো যাচ্ছিল না। তার ফল এমনই হল, যে, মুনাফার তো দূর, উল্টে দোকানই বন্ধ করে দিল পুলিশ। শুধু তাই নয়, তাঁকেও গ্রেফতার করা হল!
কিন্তু কী এমন করেছিলেন তিনি? পুলিশ সূত্রে জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ভাদোহির বাসিন্দা রাজেশ মৌর্যর চৌরি রোড এলাকায় একটি মোবাইলের দোকান রয়েছে। দিনকয়েক আগেই তিনি ঘোষণা করেন, তাঁর দোকান থেকে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন (Smartphone) কিনলেই সঙ্গে বিনামূল্যে মিলবে দু'টি বিয়ারের ক্যান (Free Beer)। ৩-৭ মার্চ, অর্থাৎ হোলির দিন পর্যন্ত চালু থাকবে এই অফার। সেই মর্মে এলাকা জুড়ে পোস্টার মারেন, প্যামফ্লেটও বিলি করেন।
ব্যাস, আর যায় কোথায়! না হয় একটু খরচ হলই, কিন্তু সঙ্গে যে বিনামূল্যে মদও মিলবে! সেই আশাতেই দোকানে ভিড় করতে থাকেন স্মার্টফোনপ্রেমী সুরারসিকরা। অবস্থা এমনই হয়, যে, ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাওয়ার অবস্থা হয় দোকানে কর্মীদের। এমনকী, রাস্তাতেও যানজট লেগে যায়।
সেই খবর কানে আসতেই তৎপর হয় পুলিশ। পুলিশ সুপার অনিল কুমার রাজেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশকর্মীদের। এরপরেই এলাকায় শান্তি ভঙ্গের অভিযোগে সোমবার গ্রেফতার করা হয় রাজেশকে। তাঁর দোকানটিও সিল করে দেওয়া হয়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
রং যেন না লাগে! সম্প্রীতি রক্ষায় দোলের আগেই মসজিদ ঢেকে দেওয়া হল