
শেষ আপডেট: 16 November 2024 14:51
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: হোটেলের গাড়ির পার্কিং থেকে রহস্য়জনকভাবে উদ্ধার চালকের দেহ। এই ঘটনায় বিষ্ণুপুরে শোরগোল ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর কলেজ রোডের একটি নামী হোটেলের পার্কিং করা ছিল একটি গাড়ি। সেই গাড়িতে মৃত অবস্থায় পড়ে চালককে পড়ে থাকতে দেখা যায় চালককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অশোক রাজবংশী (৫২)। তাঁর বাড়ি কলকাতার নিউটাউন থানা এলাকায়। কীভাবে ওই গাড়ি চালকের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোক একটি ট্র্যাভেল এজেন্সির গাড়ির চালক। ওই ট্র্যাভেল এজেন্সি থেকে ইনোভা গাড়ি ভাড়া নিয়েছিলেন কলকাতার বাসিন্দা মৈনাক মাইতি। তিনি সপরিবারে বিষ্ণুপুরে ঘুরতে এসেছিলেন। সেই গাড়িরই চালক ছিলেন অশোক। রাতে ওই পরিবারকে বিষ্ণুপুরের একটি বিলাসবহুল হোটেলে নামান তিনি। এরপরে গাড়ি নিয়ে চলতে যান অশোক। শনিবার সকালে মুকুটমণিপুরে যাওয়ার কথা ছিল। ভোরে হোটেলের কর্মীরা পার্কিংয়ের জায়গা গেলে তাঁরা অশোককে গাড়ির মধ্যে মৃত অবস্থায় খুঁজে পান। সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষ মৈনাক মাইতি খবর দেন। একই সঙ্গে তাঁরা পুলিশকে হোটেলে ডেকে পাঠান।
বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গাড়ি থেকে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তে নামে বিষ্ণুপুর থানার পুলিশ। পর্যটক ও হোটেল কর্মীদের সঙ্গে পুলিশ কথা বলে। কীভাবে মৃত্যু হল ওই চালকের তা স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু হয়েছে।