
শেষ আপডেট: 14 October 2021 09:15
দ্য ওয়াল ব্যুরো : "মানুষ বিজেপি সরকারের (BJP Government) প্রতি যেভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে, তাতে ভোটে আমাদের ৪০০ আসনেও জিতিয়ে দিতে পারে"। বৃহস্পতিবার এই মন্তব্য করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করে তিনি বলেন, "ওই ভুয়ো বাবাকে শীঘ্র ক্ষমতা থেকে সরানো হবে"। লখিমপুর খেরির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, "বিজেপি কর্মীরা কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারছে। এই সরকার কৃষকবিরোধী। কীটনাশকের মূল্যবৃদ্ধির জন্য সরকারই দায়ী"।
পরে অখিলেশ বলেন, "এই সরকারের আমলে মুদ্রাস্ফীতি বেড়েছে। বেকারত্ব বেড়েছে। দুর্নীতি বেড়েছে। অপরাধ বেড়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।" অখিলেশ জানান, আগামী বিধানসভা নির্বাচনে কয়েকটি ছোট দলের সঙ্গে জোট বেঁধে লড়বে তাঁর দল। কিন্তু তাঁরা কোনও জাতীয় দলের সঙ্গে জোট করবেন না। একইসঙ্গে অখিলেশ জানান, ভোটের আগে তিনি 'বিজয় যাত্রা' বার করবেন।
পর্যবেক্ষকদের ধারণা, লখিমপুর খেরির ঘটনার প্রভাব পড়তে পারে ভোটে।
অভিযোগ, ৩ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের গাড়ি কৃষকদের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছিল। সোমবার উত্তরপ্রদেশ পুলিশ আশ্বাস দেয়, মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে। মন্ত্রী অবশ্য দাবি করেছেন, তাঁর ছেলে ঘটনাস্থলে ছিলেন না। তাঁর পাল্টা অভিযোগ, দুষ্কৃতীরা লাঠি ও তলোয়ার নিয়ে বিজেপি কর্মীদের আক্রমণ করেছিল। তাদের হামলায় গাড়ি উল্টে গেলে চারজন মারা যান। কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে, মৃতরা হলেন লাভপ্রীত সিং (২৪), নাচাত্তার সিং (৬০), দলজিৎ সিং (৩২) এবং গুরবিন্দর সিং (২০)।
বুধবার লখিমপুর যান উত্তরপ্রদেশের আইনমন্ত্রী ব্রিজেশ পাঠক। তাঁর সফর ঘিরে দানা বেঁধেছে নতুন বিতর্ক। তিনি লখিমপুর গেলেও পা রাখেননি মৃত কৃষকদের বাড়িতে। তাঁদের পরিবারের সঙ্গে দেখাও করেননি। ব্রিজেশ পাঠক লখিমপুর গিয়ে কেবল দেখা করে এসেছেন সেখানকার ঘটনার পর ক্ষুব্ধ কৃষকদের রোষের বলি বিজেপির এক কর্মীর পরিবারের সঙ্গে।লখিমপুরে হিংসার ঘটনায় কৃষকদের রোষে নিহত হয়েছেন বিজেপির দুই তরুণ কর্মী। তাঁদের নাম শ্যাম সুন্দর এবং শুভম মিশ্র। এঁদের মধ্যে একমাত্র শুভমের বাড়ি গিয়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিজেশ পাঠক। যাননি নিহত দলীয় কর্মী শ্যাম সুন্দরের বাড়িতেও। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের গাড়ির ড্রাইভার হরি ওম মিশ্রের বাড়িতে গিয়েছেন উত্তরপ্রদেশের আইনমন্ত্রী।