
শেষ আপডেট: 28 February 2023 15:50
দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই আটটি সার্কেলে মোবাইলের ন্যূনতম রিচার্জের দাম এক লাফে ৫৭ শতাংশ বাড়িয়ে ১৫৫ টাকা করেছে এয়ারটেল (Airtel)। মঙ্গলবার ভারতী এয়ারটেলের চেয়ারম্যান (Chairman) সুনীল মিত্তল পষ্টাপষ্টি জানিয়ে দিলেন, এ বছর সব রিচার্জ (recharge) প্ল্যানের দাম আরও বাড়াবেন তাঁরা। তা সে ডেটা প্ল্যানই হোক বা মোবাইল কল প্ল্যান।
ভারতে টেলিকম পরিষেবায় এয়ারটেলের ব্যবসা ভালই চলছে। গত আর্থিক বছরেও মোটা মুনাফা করেছে এয়ারটেল। প্রশ্ন হল, তার পরেও কেন রিচার্জের দাম বা প্ল্যানের দাম বাড়াতে চাইছে তাঁরা? সংবাদসংস্থা পিটিআইয়ের এ প্রশ্নের জবাবে সুনীল মিত্তল বলেছেন, টেলিকম ব্যবসায় মূলধনের উপর ফেরতের হার খুবই কম। সেই কারণেই এ বছর মাশুল বাড়ার সম্ভাবনা রয়েছে।
স্পেনের বার্সিলোনা শহরে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস চলছে। সেখানেই সুনীল মিত্তল জানিয়েছেন, মাশুলের বৃদ্ধি সব ধরনের প্ল্যানের ক্ষেত্রেই হবে। তিনি এও বলেছেন, মূলধন খাতে যে ধরনের খরচ এয়ারটেল করেছে, তার তুলনায় ফেরত আসছে কম। ব্যালেন্স শিট মজবুত দেখাচ্ছে কারণ কোম্পানি টাকা ঢেলেছে। কিন্তু এবার বদল প্রয়োজন।
ঘটনা হল, মোবাইল এখন আর বিলাসদ্রব্য নয়। আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষও কাজের জন্য মোবাইল ব্যবহার করছে। সবজির দোকান, পানের দোকান বা তৃণমূল স্তরে যাঁরা পরিষেবা দেন, তাঁদের কাছে মোবাইল পরিষেবা এখন অপরিহার্য হয়ে উঠেছে। সুতরাং দাম বাড়লে তাঁদের উপর চাপ বাড়তে পারে।
কিন্তু এয়ারটেল চেয়ারম্যান এ ব্যাপারে বলেছেন, মানুষ অন্যান্য কারণে যে মাত্রায় খরচ করছে সেই তুলনায় মোবাইলের মাশুল কমই বেড়েছে বা বাড়বে। তাঁর কথায়, “মাইনে বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে... শুধু একটা জিনিসের দামই বাড়েনি। এটা কোনও অভিযোগ নয়। কিন্তু এও ঠিক যে প্রায় কিছু না দিয়েই মাসে ৩০ জিবি ডেটা পেয়ে যাচ্ছে। আমরা আর ভোদাফোনের (আইডিয়া) মতো পরিস্থিতি দেশে চাই না।”
তাহলে কী চাই?
সুনীল মিত্তল বলেন, “আমরা চাই দেশে টেলিকম কোম্পানিগুলি মজবুত হোক। ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন সফল হোক। আর্থিক বৃদ্ধির সুফল পাক মানুষ। আমি মনে করি, সরকার এ ব্যাপারে সচেতন, নিয়ন্ত্রক সংস্থা সচেতন এবং মানুষও এখন সচেতন।”
হাত ধরে প্রেমের প্রস্তাব দিলে তা শ্লীলতাহানি নয়, অভিযুক্তকে আগাম জামিন দিয়ে বলল আদালত