
শেষ আপডেট: 1 July 2023 13:58
দ্য ওয়াল ব্যুরো: পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির পর থেকেই ভারতের বাজারে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে ইলেকট্রিক গাড়ি। চারচাকা থেকে দু'চাকা-- সব ধরনের যানবাহনেই আজ জনপ্রিয় হয়ে উঠছে দূষণহীন এই বিকল্প শক্তি। আগামীদিনের কথা ভেবে বিভিন্ন গাড়ি ও মোটরবাইক প্রস্তুতকারী কোম্পানিগুলিও ইলেক্ট্রিক গাড়ির দিকে ঝুঁকছে। সম্প্রতি Oben Rorr নামে একটি বাইক ভারতের বাজারে সাড়া ফেলে দিয়েছে। ফাস্ট চার্জিং প্রযুক্তিযুক্ত এই বাইক কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই।
জুলাই মাসের প্রথম থেকেই বাইকটি মিলবে ভারতে। কেনার আগে এই বাইকের কিছু উল্লেখযোগ্য ফিচারস একনজরে দেখে নেওয়া যাক।
বাইকটি গতির দিক থেকেও অন্যান্য ইলেকট্রিক বাইকের থেকে খানিকটা এগিয়ে রয়েছে। প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটতে পারে এই বাইকটি। সেই সঙ্গে এতে রয়েছে অত্যাধুনিক চার্জিং প্রযুক্তি। মাত্র দু'ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে এই বাইকে। আর এক চার্জেই ১৮৭ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে Oben Rorr। এই বাইকে লিথিয়াম ফসফেট ব্যাটারি রয়েছে।
শুধু চার্জিং প্রযুক্তি নয়, বাইকটির লুকের দিক থেকেও অন্যান্যদের পেছনে ফেলে দিতে পারে। পালসার, অ্যাপাচে-র মতোই দুর্দান্ত লুক ও ফিচার আছে এই মডেলে। সর্বোচ্চ ১২.৩ ব্রেক হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। বাইকটির দু'চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। এ ছাড়া এতে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনট্রোল এবং এলইডি লাইটিং রয়েছে।
এই বাইকে আপনি স্মার্টফোন কানেক্ট করতে পারবেন। পাশাপাশি বাইকে ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে। যা চারচাকার মতোই অভিজ্ঞতা দেবে সওয়ারিকে। Oben Rorr-এর বাজারমূল্য ১ লাখ ৪৯ হাজার টাকা (এক্স-শোরুম)।
নতুন গাড়িতে ৮ লাখ টাকা ছাড়! টয়োটার ধামাকা অফার মিস করবেন না