দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বর্ধমান পুরসভার তালা ঝুলিয়ে দিল যুব কংগ্রেসের প্রতিনিধি। গত এক সপ্তাহ আগে থেকে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' অনুকরণে যুব কংগ্রেস কর্মসূচি নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেরিয়েছে। তবে এই কর্মসূচির পোষাকি নাম দেওয়া হয়েছিল ' আপনা সমস্যা শুনবো আমরা'। সেখানেই পুরসভার তিনবছর ধরে চলা হাড়ির হাল উঠে এসেছে বলে দাবি করেছেন যুব কংগ্রেস।
যুব কংগ্রেস প্রতিনিধিদের দাবি, ''ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে আমরা পুরসভার বিরুদ্ধে বিস্তর অভিযোগ পেয়েছি। ৩৫টি ওয়ার্ডের নাগরিক আমাদের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। আজ, শুক্রবার ছিল সেই কর্মসূচির চূড়ান্ত পর্যায়। শহরে পুরসভার পরিষেবা অমিল, নাগরিকদের ভোগান্তি সহ একাধিক অভিযোগের প্রতিবাদ জানিয়ে বাধ্য হয়ে পুরসভার গেটে তালা ঝুলিয়েছি। ''
একই সঙ্গে এদিন যুব কংগ্রেস পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে একটি ডেপুটেশন দেয়। কংগ্রেসের অভিযোগ, বর্ধমান শহরের নাগরিকরা ড্রেন, জল সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা পাচ্ছেন না। সঙ্গে পুরসভার কোষাগার শূণ্য হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এবং বিভিন্ন বিভাগে দুর্নীতির অভিযোগ তো আছেই।
"আপনাদের সমস্যা তুলে ধরব আমরা" এই কর্মসূচি থেকে উঠে আসা তথ্য নিয়ে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার অভিযোগ, রাজ্যের বিভিন্ন পুরসভার মতো দীর্ঘদিন ধরে বর্ধমান পুরসভায় মোতায়েন রয়েছে প্রসাশক। জল, ড্রেন, রাস্তা সহ একাধিক পুর পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওয়ার্ডের নাগরিকরা। গত কয়েকদিন পুরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের কাছে পৌঁছে গেছেন যুব কংগ্রেসের কর্মীরা। শুনছেন বিভিন্ন সমস্যার কথা। মানুষের সমস্যা দ্রত মেটানোর লক্ষে যুব কংগ্রেসের এই ধরনের আন্দোলন চলবে বলে তিনি জানান।
বর্ধমান পুরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত গুহ জানিয়েছেন, ডেপুটেশন পেয়েছি কিন্তু বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে গেছে। যেটুকু হয়নি সেটাও করার চেষ্টা চলছে। বর্ধমানে একসময় কংগ্রেস শক্তিশালী ছিল। বাম আমলে তাদের সেই দাপট অস্তমিত হয়। এখন সেই বামেরাই তাদের জোটসঙ্গী। নুয়ে পড়া কংগ্রেস আবার যুব কংগ্রেসের হাত ধরেই ঘুরে দাড়াতে চাইছে। এমনটাই মত রাজনৈতিক মহলের।