
শেষ আপডেট: 7 September 2023 06:45
দ্য ওয়াল ব্যুরো: ভাদ্রের ভ্যাপসা গরমে রাজ্যবাসীর কার্যত ত্রাহি ত্রাহি হাল হয়েছিল। চাতক পাখির মতো সকলেই প্রার্থনা করছিলেন, একটু বৃষ্টির। মৌসুমী বায়ু আর নিম্নচাপের দাপটে গত কয়েকদিন নাগাড়ে বৃষ্টির জেরে জল থই থই হাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তনের কথা (weather update)। কমবে বৃষ্টি। পরিবর্তে উইকেন্ডে বাড়বে তাপমাত্রা। যার জেরে ফের আর্দ্রতা জনিত অস্বস্তি অনুভূত হবে।
দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি সম্ভবনা থাকছে। বাড়বে বজ্রপাতের সম্ভাবনা। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরে না যাওয়া পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে না।
বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। আগামী দু'দিন তাপমাত্রা একই রকম থাকবে। মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার বাড়বে তাপমাত্রা সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াল। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭০ থেকে ৯৩ শতাংশ। বৃষ্টি হয়েছে ৯.৯ মিলিমিটার।
ওড়িশা, ছত্তীসগড়, তেলেঙ্গানায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অন্ধ্রপ্রদেশ, কেরালাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।
আরও পড়ুন: ‘উপাচার্যদের হুমকি দিচ্ছে সরকার’, শেষ দেখে ছাড়ার পাল্টা হুঁশিয়ারি রাজ্যপালের