
শেষ আপডেট: 17 October 2022 06:38
দ্য ওয়াল ব্যুরো: গতকালই হাওড়া শিবপুরের (Howrah Shibpur) চার্টার্ড একাউন্টেন্ট শৈলেশ পান্ডের (Shailesh Pande) গাড়ি থেকে পাওয়া গিয়েছিল নগদ ২ কোটিরও বেশি টাকা ও হিরের গয়না (cash and jewellery)। এবার তাঁর বাড়ি থেকেও মিলল বিপুল পরিমাণ টাকা ও গয়না। দুদিনে উদ্ধার হওয়া টাকার মোট পরিমাণ ৮ কোটি ১৫ লক্ষ।
প্রাথমিকভাবে শনিবার রাতে শৈলেশ পান্ডের হাওড়ার তিনটি বাড়িতে তল্লাশি চালায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। বাড়িগুলি তালা বন্ধ থাকলেও একটি বাড়ির আবাসনের নীচে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার করা হয় ২ কোটি ২১ লক্ষ ৫০ হাজার টাকা। সঙ্গে সোনা, রুপো এবং হিরের বহুমূল্য গয়না পাওয়া যায়। জানা যায়, গাড়িটি শৈলেশের ভাই ব্যবসায়ী অরবিন্দ পান্ডের হলেও সেটি ব্যবহার করতেন শৈলেশই।
শনিবার রাতের এই ঘটনার পর রবিবার সকাল থেকে ফের তল্লাশি শুরু করা হয়েছিল শৈলেশ পান্ডের বাড়িতে। শৈলেশ এবং অরবিন্দর একাধিক আবাসনে তিন দফায় তল্লাশি চালায় পুলিশ। সোমবার সকাল পর্যন্ত চলে সেই তল্লাশি। এখনও পর্যন্ত বাড়ি এবং গাড়ি মিলিয়ে শৈলেশ এবং অরবিন্দের মোট ৮ কোটি ১৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গেই বিপুল পরিমাণ সোনা এবং হিরের গয়না পাওয়া গেছে। তার সঙ্গেই দুটি ল্যাপটপ এবং ব্যাংকের বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
প্রসঙ্গত কানাড়া ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখা থেকে লালবাজারে ফোন করে জানানো হয়, দুটি অ্যাকাউন্টে নিয়মিত কোটি কোটি টাকা লেনদেন করা হচ্ছে। এরপরেই তদন্তে নামে পুলিশের অ্যান্টি ব্যাংক ফ্রড বিভাগ। জানা যায়, অ্যাকাউন্টগুলির মালিক হাওড়ার শিবপুরের বাসিন্দা শৈলেশ পান্ডে। এরপরে হেয়ার স্ট্রিট থানায় এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। শনিবার অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। শনিবার গাড়ি থেকে মেলে টাকা। এরপর রবিবার তালা ভেঙে শরীরের এবং অরবিন্দের তিনটি ফ্ল্যাটে ঢোকে পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় আরও ৬ কোটি টাকা।
এছাড়া কানাডা ব্যাঙ্কে শৈলেশের দুটি অ্যাকাউন্টে মোট ২০ কোটি টাকা পাওয়া যায়। সেগুলি ফ্রিজ করে দিয়েছে পুলিশ।
গাড়ি থেকে নগদ ২ কোটি টাকা, সোনা ও হিরের গয়না উদ্ধার! চাঞ্চল্য হাওড়ার শিবপুরে