
শেষ আপডেট: 3 April 2022 13:25
দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক বিবাদের জেরে প্রায় ৭ লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটে খুনির মাধ্যমে খুন করানো হয়েছে ঝালদার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুকে (Tapan Kandu Murder)! আজ, রবিবার, পুরুলিয়া মফস্বল থানার ক্ষনিকা গেস্টহাউসে সাংবাদিক বৈঠক করে একথাই জানালেন জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগান।
পাশাপাশই, এই খুনে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের যোগ নেই বলেও জানালেন তিনি। তিনি বলেন, ভাইরাল অডিয়ো ক্লিপের বিষয়টি সম্পূর্ণ আলাদা। ওটা নিয়ে এখনও তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, তদন্তে জানা গেছে, নিহত তপন কান্দুর ভাই নরেন কান্দু এই খুনের ঘটনায় যোগাযোগ করেছিলেন আসিক খানের সঙ্গে। আসিক খান যোগাযোগ করে ভাড়াটে খুনি কলেবর সিংয়ের সঙ্গে। এর পরই কলেবর সিংয়ের এই ঘটনায় আরও কয়েকজন ভাড়াটে খুনিকে সঙ্গে নিয়ে তপন কান্দুকে গুলি করে হত্যা (Tapan Kandu Murder)।
গতকাল, শনিবার সকালে নরেন কান্দুকে গ্রেফতার করে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরেই সন্ধ্যায় সুপার জানান, রাজনৈতিক নয়, পারিবারিক কারণেই খুন হতে হয়েছে তপনকে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েও সে কথাই জানিয়ে সেলভামুরুগন বলেন, নরেনই যে ভাইকে মেরেছেন তার প্রমাণও রয়েছে পুলিশের হাতে।
গোটা ঘটনায় গ্রেফতার হয়েছে মোট চারজন। নিহত তপন কান্দুর দাদা নরেন কান্দু, ভাইপো দীপক কান্দু, কলেবর সিং এবং আসিক খান । ঘটনায় আরও চারজন যুক্ত রয়েছে এবং তারা ঝাড়খন্ড এবং বিহারে লুকিয়ে রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
এ দেশ ভালবেসে ছেড়েছিলেন পাক জন্মভূমি! লতা-সন্ধ্যা শুধু নয়, গুরু মানতেন উত্তমকুমারও