
শেষ আপডেট: 16 August 2023 06:21
দ্য ওয়াল ব্যুরো: আজ বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালযয়ের (Jadavpur University student death) পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইউজিসির একটি প্রতিনিধি দলের ক্যাম্পাসে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তর্কে জানানো হয়েছে, প্রথম বর্ষের ওই পড়ুয়ার মৃত্যুর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির দেওয়া প্রাথমিক রিপোর্টে তারা সন্তুষ্ট। কিন্তু তারপরেও এ বিষয়ে সন্দেহ প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। সেই একসঙ্গে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে তাঁর সঙ্গে যাদবপুর যাওয়ার অনুরোধ জানালেন (Subhas Sarkar asks Bratya Basu)।
সুভাষ সরকারের দাবি, শিক্ষাক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যকে হাতে হাত মিলিয়েই কাজ করতে হয়। তবে কোনও ব্যবস্থা কার্যকর করার দায়িত্ব রাজ্যের উপরেই বর্তায়। রাজ্য বিজেপির নেতা দিলীপ ঘোষ যাদবপুর কাণ্ডে মমতা সরকারকে তুলোধনা করলেও শিক্ষা প্রতিমন্ত্রী সে পথে হাঁটেননি। তিনি একসঙ্গে যাদবপুর ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আর্জি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। ব্রাত্যর উদ্দেশে তাঁর আর্জি, 'চলুন একসঙ্গে যাই। একসঙ্গে সব শুনব, ছাত্রদের সঙ্গে কথা বলব। আমরা ভাল কাজের জন্য যাব। পরিস্থিতি কীভাবে ভাল হবে, সুস্থ হবে, তা দেখার জন্য যাব।'
যাদবপুর কাণ্ডে ইতিমধ্যেই আরও ৬ জন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৩ জন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। ঘটনার পরেই হস্টেল ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তাঁরা। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জন পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ। আগের ৩ ধৃতকে ইতিমধ্যেই ২২ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাকিদের আজ বুধবারই আদালতে পেশ করে হেফাজত চাইবে পুলিশ, এমনটাই জানা গেছে।
অন্যদিকে, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করল লালবাজার। বুধবার দুপুর ৩টে নাগাদ তাঁদের লালবাজারে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ছাত্রমৃত্যুর ঘটনায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেই সূত্রের খবর। পাশাপাশি, এদিনই বিকেলে রাজভবনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করবেন রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস।
মমতা যাদবপুরকে ‘টুকরে টুকরে গ্যাংয়ের’ হাতে তুলে দিয়েছেন, অভিযোগ দিলীপের