দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: রাজ্য জুড়ে যেখানে চলছে দলীয় কার্যালয় দখলের সংস্কৃতি, সেখানে উল্টো ছবি উলুবেড়িয়ার জগদীশপুরে। এলাকার মানুষের স্বার্থে দলীয় কার্যালয় তুলে দিয়ে সেই ভবনেই তৈরি হল উপ স্বাস্থ্যকেন্দ্র।
উলুবেড়িয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশপুর সামন্তপাড়া। জানা গেছে বছর চারেক আগে এলাকার সামন্ত পরিবার এই জমিটি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় তৈরির জন্য। এলাকার তৎকালীন কাউন্সিলর বর্তমানে উলুবেড়িয়া পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য আব্বাসউদ্দিনের খানের উদ্যোগে তৈরি হয়েছিল এই দলীয় কার্যালয়।
এদিকে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় তৈরি হোক একটি স্বাস্থ্যকেন্দ্র। কারণ ছোটোখাটো শরীর খারাপ হলেও চিকিৎসার জন্য তাদের যেতে হত প্রায় ৬ কিলোমিটার দূরের উলুবেড়িয়া পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে। মানুষের অসুবিধার কথা ভেবেই চিন্তাভাবনা শুরু হয় একটি উপস্বাস্থ্যকেন্দ্র তৈরির। কিন্তু কোথায় তৈরি হবে সেই উপস্বাস্থ্যকেন্দ্র তা নিয়ে সংশয় তৈরি হয়।
উদ্যোগী হন আব্বাসউদ্দিন খান। কিছুদিন আগে এই দলীয় কার্যালয়টি তিনি তুলে দেন উলুবেড়িয়া পুরসভার হাতে। পরে সেই ভবনেই দলীয় কার্যালয় তুলে দিয়ে পুরসভার উদ্যোগে তৈরি করা হয়েছে উপস্বাস্থ্যকেন্দ্র। সোমবার সেই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস। আব্বাসউদ্দিন খান বলেন, ‘‘মানুষের দাবি মেনে এই উপস্বাস্থ্যকেন্দ্র তৈরির পরিকল্পনা করেছিলাম। কিন্তু বাড়ি তৈরি করতে অনেক টাকার প্রয়োজন। তখন সিদ্ধান্ত নিই দলীয় কার্যালয় তুলে দিয়ে সেখানেই উপস্বাস্থ্যকেন্দ্রটি তৈরি করা হবে।’’
এই উপস্বাস্থ্যকেন্দ্র চালু হওয়ায় উলুবেড়িয়া পুরসভার ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের প্রায় ১৫ হাজার মানুষ উপকৃত হবেন। এলাকায় এই উপস্বাস্থ্যকেন্দ্র তৈরি হওয়ায় নিশ্চিন্ত বোধ করছেন এই এলাকার মানুষ।