দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গৃহস্থের বাড়ির পিছনে গাঁজা গাছ লাগিয়ে সেখানেই প্রতিদিন গাঁজা ও মদের ঠেক বসাতো একদল যুবক। এই বিষয়ে পুলিশের কাছে নালিশ করায় প্রতিবাদী মহিলাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল নেশায় আসক্ত যুবকদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহরের ৪ নম্বর শাঁখারিপুকুর কলোনি এলাকায়।
বর্ধমান পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের শাঁখারিপুকুর জবরদখল কলোনির বাসিন্দা বিদিশা গোস্বামী। বাড়িতে তিনি ও তাঁর বৃদ্ধা মা রয়েছেন। রয়েছেন আরও চার মহিলা। বিদিশাদেবীর অভিযোগ, তাঁর বাড়ির শৌচাগারের পিছনের ফাঁকা জায়গায় গাঁজা গাছ লাগিয়েছে পাড়ার কিছু যুবক। তারাই ওই জায়গাটিতে গাঁজা ও মদের ঠেক বানিয়েছে। সেখানেই প্রায় প্রতিদিনই দুপুরে গাঁজা ও মদের আসর বসায় তারা। গাঁজা খাওয়ার প্রতিবাদ করে সোমবারই বর্ধমান থানায় পুলিশকে তিনি বিষয়টি জানান। তারপরেই পুলিশ পৌঁছে যায়। সমস্ত গাছ উপড়ে তুলে নষ্ট করে দেয় তারা।
তিনি বলেন, ‘‘গাছ নষ্ট করে দিয়ে পুলিশ চলে যাবার পরেই নেশা আসক্ত যুবকরা তাঁর বাড়িতে চড়াও হয়। বাড়ির জানালার কাঁচ ভেঙে দেয়। অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ওই যুবকরা আমাকে প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেয়। পাশাপাশি বাড়ি জ্বালিয়ে দেওয়ার ও ধর্ষণের হুমকিও দিয়ে গেছে ওরা।’’
বর্ধমান থানার আইসি পিন্টু সাহা বলেন, ‘‘মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুবকদের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’’ এলাকার প্রাক্তন কাউন্সিলার শঙ্খশুভ্র ঘোষ বলেন, ‘‘কেউ অপকর্ম করে থাকলে তাকে শাস্তি পেতে হবে। ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।’’