দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: একটি চার চাকা গাড়ির সঙ্গে ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের। রবিবার বেশি রাতে ঘটনাটি ঘটেছে ছাতনা থানা এলাকার ভগবানপুরে ৬০ এ জাতীয় সড়কে। মৃতরা প্রত্যেকেই বাঁকুড়া সদর থানা এলাকার বেলিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুরুলিয়া থেকে ওই চারচাকা গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা।
স্থানীয় সূত্রে খবর, ওই চার চাকা গাড়িতে করে পুরুলিয়া থেকে বাঁকুড়ার দিকে আসছিলেন মোট ন'জন। তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশুও রয়েছে। সেই সময় ছাতনা থানা এলাকার ভগবানপুরের কাছে ৬০ এ জাতীয় সড়কের উপর উল্টো দিক থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে ওই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতোটাই ছিল যে, মারুতি ভ্যানটি রাস্তার পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। কম বেশি আহত হয়েছেন আরও পাঁচজন। বেপরোয়া গতির জন্যই এমন দুর্ঘটনা বলে মনে করছেন এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ পাল বলেন, ‘‘ওই রাস্তা দিয়ে বাইকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ প্রচণ্ড জোরে আওয়াজ পাই। পরে দুর্ঘটনা ঘটেছে বুঝতে পেরে পুলিশকে জানাই। তারা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে।’’ পুরুলিয়ার অযোধ্যা থেকে পিকনিক করে ওই দলটি বাড়ি ফিরছিল বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ছাতনা থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। ঘাতক ট্রেলারটিকে পুলিশ আটক করতে পারলেও চালক-খালাসি পলাতক।