রত্নাকে তাঁর এসএমএসে ক্ষুব্ধ দিদি, তাই কি মেননকে দেখতে হাসপাতালে শোভন
দ্য ওয়াল ব্যুরো: রত্না চট্টোপাধ্যায়কে শোভন চট্টোপাধ্যায়ের এসএমএস নিয়ে বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে ব্যাপারটা স্পষ্ট হয়ে গিয়েছে শোভন-বৈশাখী দু'জনেরই কাছেই। তাই কি শনিবাসরীয় সন্ধেবেলা বেলভিউ হাসপাতালে ছুটলেন কলকাতার প্র
শেষ আপডেট: 15 November 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: রত্না চট্টোপাধ্যায়কে শোভন চট্টোপাধ্যায়ের এসএমএস নিয়ে বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে ব্যাপারটা স্পষ্ট হয়ে গিয়েছে শোভন-বৈশাখী দু'জনেরই কাছেই। তাই কি শনিবাসরীয় সন্ধেবেলা বেলভিউ হাসপাতালে ছুটলেন কলকাতার প্রাক্তন মেয়র ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী?
বেলভিউতে ভর্তি রয়েছেন কেন্দ্রীয় বিজেপির তরফে বাংলার সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন। জানা গিয়েছে চিকুনগুনিয়া হয়েছে তাঁর। এদিন তাঁকে দেখতেই হাসপাতালে গিয়েছিলেন শোভন-বৈশাখী। আধঘন্টার মতো ছিলেন সেখানে। শোভন-ঘনিষ্ঠরা এটাকে সৌজন্য বললেও, অনেকেই এটাকে দু'নৌকোয় পা দিয়ে চলা বলছেন।
শুক্রবার দ্য ওয়াল-এই প্রথম এসএমএস কাণ্ডের খবর প্রকাশিত হয়েছিল। তারপর হইহই কাণ্ড বেঁধে গিয়েছে শাসক দলের ভিতর। ভাইফোঁটার দিন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন প্রাক্তন মেয়র তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায়। দিদির কাছে ফোঁটা নেন তিনি। তারপরেই নাকি স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে মেসেজ করে শোভন বলেন, “সত্যের জয় হল। আজ বৈশাখীর সম্মানের জন্য লড়ে জিতলাম তো? মিউচুয়াল ডিভোর্স দাও।” এই নিয়ে দু’জনের মধ্যে মেসেজে কথা কাটাকাটিও হয়। শুক্রবার বিকেলে দেখা যায় বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন বৈশাখী।
কেন দু'নৌকোয় পা দেওয়ার কথা বলছেন পর্যবেক্ষকদের অনেকে?
তাঁদের মতে, বিজেপির কর্মসূচিতে প্রায় যানই না শোভন-বৈশাখী। এমনকি যোগ দেওয়ার পরের সপ্তাহেই গেরুয়া শিবির সম্পর্কে কটূক্তি করতেও রেয়াত করেননি বৈশাখী। এরপর দিদির বাড়ির ভাইফোঁটা, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে চলে যাওয়া এ সব দেখে অনেকেই মনে করেছিলেন, তৃণমূলে ফেরার ওয়ার্ম আপ করছেন দিদির স্নেহের (একদা) কানন। অনেকে এও বলছিলেন মন্ত্রিসভায় রদবদল করে ফের শোভনকে ক্যাবিনেটে নিতে পারেন মমতা। কিন্তু এসএমএস কাণ্ড তাতে জল ঢেলে দিয়েছে। আর তারপরই বিজেপির সঙ্গে ফের ঘনিষ্ঠতা শুরু করলেন শোভন-বৈশাখী। মেননকে দেখতে যাওয়া সেই ইঙ্গিতই দিচ্ছে বলে মত পর্যবেক্ষকদের অনেকের।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-former-minister-sovan-chatterjee-wants-mutual-divorce-from-her-wife-ratna/