
শেষ আপডেট: 25 June 2023 10:53
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার রাজীব সিনহার জয়েনিং লেটারে এখনও সই করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। যা নিয়ে গত তিন-চারদিন ধরে বিতর্ক চলছে। তার মাঝেই শনিবার শোনা যায়, ফের রাজীব সিনহাকে রবিবার বিকেলে তলব করেছে রাজভবন। কিন্তু এদিন রাজ্যপালের গলায় শোনা গেল উল্টো সুর। সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেনি রাজভবন। তিনি নিজেই সময় চেয়েছিলেন।
কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পরই পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করেন রাজীব সিনহা। তারপর মনোনয়ন থেকে স্ক্রুটিনি, গোটা সময় ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে। যা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। তার মাঝেই একবার রাজীব সিনহা, রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে আসেন। যদিও সেটা সৌজন্য সাক্ষাৎ ছিল বলে দাবি করা হয়েছে রাজভবনের তরফে।
রাজ্যে হিংসার ঘটনা বাড়ায় ফের রাজভবনে রাজীব সিনহাকে ডেকে পাঠিয়েছিলেন সিভি আনন্দ বোস। কিন্তু ভোটের কাজে ব্যস্ত বলে সেই তলব এড়িয়ে যান নির্বাচন কমিশনার। যেহেতু রাজ্যপাল কমিশনারকে নিয়োগ করে এমনটাই দাবি করে রাজভবন, সেক্ষেত্রে রাজভবন থেকে তলব করার পরেও কেন রাজ্য নির্বাচন কমিশনার গেলেন না সেই কারণ দেখিয়ে রাজীব সিনহার জয়েনিং লেটার গ্রহণ করেননি রাজ্যপাল।
সেই আবহেই খবর পাওয়া যায় রবিবার বিকেলে রাজভবন যাবেন রাজীব সিনহা। তারপরই প্রশ্ন ওঠে ফের কি রাজ্যপাল তলব করলেন তাঁকে? এদিন সিভি আনন্দ বোসকে সেই প্রশ্ন করা হলে তিনি বলেন, 'রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেনি রাজভবন, তিনি নিজেই সময় চেয়েছিলেন।'
এরপরই রাজ্যপাল বলেন, 'আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। আমি জানি তিনি ব্যস্ত আছেন ভোটের কাজে। যখন সময় পাবেন, তখনই আসতে পারেন। ভোট সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার আছে।'
পদ্ম মুছে কাস্তে! সিপিএমকে দেওয়াল ছেড়ে দিল বিজেপি, দেখুন ভিডিও