দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক নাবালিকাকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। নির্যাতন চালানোর সময় অভিযুক্ত ওই নাবালিকাকে খুনেরও হুমকি দেয় বলে অভিযোগ। ইতিমধ্যে পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানা এলাকায়।
পুলিশ জানিয়েছে, নাবালিকার বাবার অভিযোগের ওপর ভিত্তি করে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম বিদ্যুৎ সোম। রায়নার থানার নারায়ণপুরে তার বাড়ি। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতকে বর্ধমানের পকসো আদালতে তোলা হয়েছিল। আদালতের ভারপ্রাপ্ত বিচারক নন্দন দেববর্মন অভিযুক্তকে আগামী ২৩ ফেরুয়ারি পর্যন্ত বিচার-বিভাগী হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সিজেএমকে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, ওই দিন পাড়ার রাস্তায় সাইকেল চালাচ্ছিল দশ বছরের নাবালিকা। সেই সময় বিদ্যুৎ সোম নামে অভিযুক্ত যুবক নাবালিকাকে স্থানীয় একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িটিতে তখন কেউ উপস্থিত ছিলনা। সেখানেই ওই নাবালিকার ওপর যৌন নির্যাতন চালায় বিদ্যুৎ। নাবালিকা চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে অভিযুক্ত। এমনকি বিষয়টি বাড়িতে জানালে তাকে খুনেরও হুমকি দেয় সে।
এদিকে সেই সময় আচমকা বাড়ির মালিক ফিরে আসে। তাকে দেখে নাবালকিকে সেখানে ফেলে রেখে অভিযুক্ত পালিয়ে যায়। বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরে সমস্ত ঘটনাই নাবালিকা তার মাকে জানায়। মেয়ের মুখে সমস্ত ঘটনা শুনে নাবালিকার মা অভিযুক্তের বাড়িতে প্রতিবাদ করতে যান। কিন্তু তাঁকেও হুমকি দিয়ে বিদ্যুৎ বাড়িতে থেকে তাড়িয়ে দেয়। এরপর রাতে নাবালিকার বাবার সমস্ত ঘটনার কথা জানিয়ে রায়না থানায় বিদ্যুতের বিরুদ্ধে অভিযোগ জানান। পুলিশ ঘটনাটিতে পকসো আইনের মামলা রুজু করে।