
শেষ আপডেট: 17 August 2022 13:41
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে চিটফান্ডে (cheat fund) জমানো টাকা ফেরত পেতে শুরু করল রাজ্যবাসী। বেআইনি অর্থলগ্নি সংস্থা পৈলান গ্রপের (Pailan) আমানতকারীদের হাতে কাউন্সিল স্ট্রিট হাউসে চেক তুলে দেওয়া হল মঙ্গলবার বিকেলে। সূত্রের খবর, ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা ফেরত দেওয়া হয় আমানতকারীদের। জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত এই টাকা দেওয়া হবে।
উল্লেখ্য, সিপিএম আমলের শেষদিক থেকেই বাংলায় একের পর এক ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থা (পড়ুন চিটফান্ড) ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছিল। নানারকম সুযোগ সুবিধার লোভ দেখিয়ে বড়সড় বেআইনি ব্যবসা ফেঁদে ছিল সবগুলো সংস্থাই। সারদা, আইকোর, টাওয়ার, পৈলানের মতো চিটফান্ড কোম্পানিগুলিতে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ টাকা নিজেদের টাকা জমিয়েছিলেন।
এরপর ২০১৪ সালে সারদা কাণ্ডের পর একের পর এক বেআইনি অর্থলগ্নি সংস্থার বেআইনি ব্যবসার ফাঁদ প্রকাশ্যে ধরা পড়ে। সেসময় সারা রাজ্যজুড়ে বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন শুরু হয়। নিজেদের উপার্জিত টাকা খুইয়ে বহু মানুষ আত্মঘাতী হয়েছিলেন। বহু সংস্থার এজেন্টদের রাতারাতি ঘরছাড়াও হতে হয়েছিল।
বাগুইআটিতে আরটিজিএস করতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন ব্যাঙ্ককর্মী নিজেই!
কলকাতা হাইকোর্টে প্রথম সারদা কোম্পানি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার জল গড়ায় একেবারে শীর্ষ আদালত পর্যন্ত। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরুর পর সেই মামলা ফিরে আসে কলকাতা হাইকোর্টে। এরপর কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর নির্দেশে বিচারপতি জয়মাল্য বাগচী ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয় বিশেষ বেঞ্চ। আমানতকারীদের অভাব অভিযোগ শোনা হয়। কিভাবে আমানতকারীদের টাকা মিলবে? সেই নিয়ে ডিভিশন বেঞ্চে গঠিত হয় প্রাক্তন বিচারপতি এস পি তালুকদারের একক কমিটি।
বিভিন্ন বেআইনি অর্থলগ্নি সংস্থার কোথায় কোথায় কত স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে তার একটি তালিকা তৈরি করে কীভাবে সেই সম্পত্তি আমানতকারীদের ফিরিয়ে দেওয়া যায়, তা নিয়ে শুরু হয় তোড়জোড়। কীভাবে গরিব মানুষের টাকা ফিরিয়ে দেওয়া যায়, তা নিয়ে বারবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস। প্রাক্তন বিচারপতি এস পি তালুকদারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আমানতকারীদের টাকা ফেরাতে উদ্যোগী হন তিনি।
অবশেষে মঙ্গলবার শুরু হয় টাকা ফেরত দেওয়া। সূত্রের খবর, পৈলান গ্রুপের মোট ৮৫ হাজার আমানতকারীর হাতে টাকা তুলে দেওয়া হবে। আগামীকাল ও বৃহস্পতিবার এই টাকা ফেরত দেওয়ার কাজ চলবে বলে জানিয়েছেন অরিন্দমবাবু।