দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতভর ঝড়বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে দাপট ছিল ঝোড়ো হাওয়ার। বৃষ্টিপাতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়েছে স্থায়িত্বও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও চলবে ঝড়বৃষ্টি। এই ঝড়বৃষ্টির জন্য আবহাওয়া সাময়িক ভাবে কিছুটা ঠান্ডা হবে। কমবে তাপমাত্রাও।
আজ সকাল থেকে মেঘলা রয়েছে আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে আগামী ২ থেকে ৩ ঘণ্টায় তুমুল ঝড়বৃষ্টি হবে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬০ শতাংশ। সোমবার সন্ধে সাড়ে আটটার পর থেকে বৃষ্টি হয়েছে ৩০ মিলিমিটার।
সোমবার রাতভর বৃষ্টির জেরে শহর ও শহরতলির বিভিন্ন অংশে ইতিমধ্যেই জল জমেছে। তবে করোনা মোকাবিলায় লকডাউন চলছে বলে আপাতত বন্ধ রয়েছে যান চলাচল। তাই এই মুহূর্তে তীব্র যানজটের সমস্যা নেই শহর কলকাতায়। গতকাল বৃষ্টির সঙ্গে দাপট ছিল ঝড়েরও। যার জেরে অনেক জায়গায় গাছ ভেঙে পড়েছে বলেও খবর পাওয়া গিয়েছে।