২.৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট পাচারের চেষ্টা, কলকাতা পুলিশের জালে মুর্শিদাবাদের দুই মাদক পাচারকারী
দ্য ওয়াল ব্যুরো: মাদক পাচারকারীদের বিরুদ্ধে ফের সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। প্রায় আড়াই কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় দুই মাদক পাচারকারীর কাছ থেকে। তাদের গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে পুল
শেষ আপডেট: 25 July 2020 08:24
দ্য ওয়াল ব্যুরো: মাদক পাচারকারীদের বিরুদ্ধে ফের সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। প্রায় আড়াই কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় দুই মাদক পাচারকারীর কাছ থেকে। তাদের গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে পুলিশ খবর পায় মুর্শিদাবাদ থেকে দুই মাদক পাচারকারী কলকাতায় এসেছে। তাদের সঙ্গে বড় পরিমাণে মাদক রয়েছে। এই খবর পেয়েই আগে থেকে তৈরি ছিল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের দল। পশ্চিম বন্দর থানা এলাকার নিমক মহল রোড থেকে পুলিশের জালে ধরা পড়ে দুই পাচারকারী।
পুলিশ সূত্রে খবর, ওই দুই পাচারকারীর কাছ থেকে ৫০ হাজার নারকোটিক্স ড্রাগস ও সাইকোট্রপিক সাবস্ট্যান্স যাকে সাধারণভাবে বলা হয় ইয়াবা ট্যাবলেট, তা উদ্ধার হয়েছে। এই ইয়াবা ট্যাবলেটের ওজন ৫ কেজি ৪৫৬ গ্রাম। আন্তর্জাতিক বাজারে এই ট্যাবলেটের দাম প্রায় আড়াই কোটি টাকা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই দুই পাচারকারীর উদ্দেশ্য ছিল এই ট্যাবলেট বাংলাদেশে পাচার করা। তার জন্যই কলকাতা এসেছিল তারা। শনিবার বা রবিবার বাংলাদেশের পাচারকারীদের সঙ্গে তাদের সাক্ষাৎ হওয়ার কথা ছিল। তার আগেই পুলিশের জালে ধরা পড়ল তারা।
পুলিশ সূত্রে খবর, ওই দুই পাচারকারীর নাম ফারুখ শেখ ও ইসমাইল শেখ। ২৯ বছরের ফারুখের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার ফতেপুর গ্রামে। ৪০ বছরের ইসমাইলের বাড়ি সুতি থানারই খানপুর গ্রামে।
শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিট নাগাদ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। শনিবার তাদের বিশেষ আদালতে তোলার কথা। জানা গিয়েছে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই ঘটনায় যুক্ত অন্য পাচারকারীদের খোঁজে তাদের জেরা করতে চায় পুলিশ।