দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যেই বাসে করে বিদেশি পর্যটকরা দার্জিলিঙে এসেছেন – এমন একটি ভুয়ো ভিডিও ভাইরাল করার অভিযোগে এক ব্যক্তিকে দার্জিলিং থেকে গ্রেফতার করল পুলিশ।
ইতিমধ্যেই ধৃত ব্যক্তির বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে ওই ব্যক্তির এক বছর থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ধৃত ব্যক্তির নাম জানাতে চায়নি পুলিশ। নিয়ম অনুযায়ী কোনও ভিডিওর সত্যতা যাচাই না করে তা আপলোড করা বা শেয়ার করা উচিত নয়। যিনি আপলেড বা শেয়ার করবেন দায় নিতে হবে তাঁকেই।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে দার্জিলিংয়ে আটকে পড়া চার জন বিদেশিকে এদিন বাসে করে দার্জিলিং থেকে নামিয়ে আনা হয়। তাঁদের মধ্যে দু’জন স্পেনের ও দু’জন পর্তুগালের নাগরিক। একটি চার্টার্ড বিমানে তাঁদের দিল্লিতে পাঠানো হচ্ছে। সেখান থেকে তাঁদের নিজেদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
পুলিশ জানিয়েছে যে ওই বিদেশিরা গবেষণার কাজে এখানে এসেছিলেন তবে লকডাউনের ফলে আটকে পড়েন। তাঁরা ভেবেছিলেন যে লকডাউন উঠে গেলে তখন নিজেদের দেশে ফিরবেন কিন্তু লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ায় তাঁরা সমস্যায় পড়ে যান। এই ধরনের আরও বেশ কয়েকজন বিদেশি এখনও দার্জিলিঙে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। কয়েক দিন আগে দু’জন স্পেনের ও একজন অস্ট্রেলিয়ার নাগরিককে দার্জিলিং থেকে নামানো হয়েছে দেশে ফেরানোর জন্য।
গুজব রটে গিয়েছিল যে বাসে করে দার্জিলিংয়ে বিদেশি পর্যটকরা আসছেন। পুলিশ চাইছে না যে এই ধরনের গুজব কোনও ভাবে ছড়াক। যাঁরা এই ধরনের গুজব ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।