দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অভিনব উপায়ে লেনদেন শুরু হল পূর্ব বর্ধমানের বড়শুলে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। সামাজিক দূরত্ব বজায় রাখতে লাঠির ডগায় জাল লাগিয়ে ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারে আদানপ্রদান করতে দেখা গেল মঙ্গলবার।
করোনাভাইরাসের জেরে দেশ জুড়ে লকডাউন চললেও ব্যাঙ্ক খোলা রয়েছে। বিভিন্ন সময় ব্যাঙ্কের বাইরে দীর্ঘ লাইনও দেখা যাচ্ছে বিশেষ করে জনধন অ্যাকাউন্টে টাকা পড়লে। সকাল থেকে অনেক ব্যাঙ্কের বাইরে দীর্ঘ লাইন পড়ছে তবে অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব মেনে। পূর্ব বর্ধমানে বড়শুলে মঙ্গলবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় দেখা গেল কাউন্টারের বেশ কিছুটা আগেই নির্দিষ্ট দূরত্বে দড়ির ব্যারিকেড। কাউন্টারের সোজাসুজি জায়গায় দড়ির ব্যারিকেডের কাছে গ্রাহক গেলে ক্যাশিয়ারের কাউন্টার থেকে বেরিয়ে আসছে একটি লাঠি যার ডগায় জাল লাগানো। সেই জালের ভিতর টাকা, চেক, টাকা তোলার ও জমা দেওয়ার ফর্ম জমা দিতে হচ্ছে গ্রাহককে। ক্যাশিয়ার সেটি টেনে নিচ্ছেন নিজের কাছে। আবার ফিরিয়েও দিচ্ছেন এই পদ্ধতিতে। স্পর্শ এড়ানো তো বটেই, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতেই এই কৌশল।
গ্রাহক রীতা রাম বলেন, “করোনা সংক্রমণের থেকে বাঁচতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিনব এই পন্থা বেশ কার্যকর হবে বলেই মনে হয়।” ইউনিয়ন ব্যাঙ্কের কর্মী মিরাজ কুমার বলেন, “করোনার সংক্রমণ আটকাতেই আমরা এই ব্যবস্থা নিয়েছি। বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম মানছি। ব্যাঙ্কের ভিতরেও সেই নিয়ম মানা উচিত। ক্যাশ কাউন্টার যেখানে টাকা লেনদেন হয় সেখানে গ্রাহক ও ব্যাঙ্ক কর্মীকে কাছাকাছি আসতে হচ্ছে। তার ফলে উভয়েই ভয় পাচ্ছেন। ক্যাশ কাউন্টারে সামাজিক দূরত্ব বজায় রাখতে আমরা এই উপায় বার করেছি।”