দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ফের ডেঙ্গির বলি যুবক। ডেঙ্গি আক্রান্ত হয়ে বুধবার মৃত্যু হল হুগলির ভদ্রেশ্বর পুরসভার তেলিনিপাড়া এলাকার মালোপাড়র বাসিন্দা সনু চৌধুরীর (২২)।
মৃতের পরিবারের লোকজন জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন সনু। তাঁকে ভর্তি করা হয়েছিল চন্দননগর মহকুমা হাসপাতালে। এদিন সকালে তাঁর অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা বলেন, কলকাতায় নিয়ে যেতে। কলকাতায় আনার পথেই মৃত্যু হয় ওই যুবকের। এলাকার মানুষ পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।
গতকালই ডেঙ্গির কবলে পড়ে শ্রীরামপুরের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পাঁচ বছরের শিশু সমাপ্তি শর্মার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে রিষড়া থেকে ভদ্রেশ্বর পর্যন্ত বহু এলাকায় ঘরে ঘরে জ্বরে আক্রান্ত মানুষ। এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যেই পরপর দু’দিনে মৃত্যু হল দু’জনের।
বেশ কয়েকমাস ধরেই ডেঙ্গির প্রকোপ বেড়েছে কলকাত-সহ গোটা রাজ্যেই। সরকারি মতে এখনও পর্যন্ত ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা ২৪। তবে বেসরকারি মতে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা সরকারি সংখ্যার প্রায় দ্বিগুণ। বেসরকারি মতে সংখ্যাটা ৪৫। ডেঙ্গি নিয়ে রাজ্যের কাছে রিপোর্টও চেয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, আগামী ২২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে ডেঙ্গি নিয়ে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।
চিকিৎসকদের বক্তব্য, চরিত্র বদলে ক্রমশ আক্রমণ বাড়াচ্ছে ডেঙ্গি। ছদ্মবেশী ডেঙ্গিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে কলকাতা-সহ গোটা রাজ্যেই। ডেঙ্গি ভাইরাসের এই চরিত্র বদল নিয়েই চিন্তিত চিকিৎসকরা। চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্ত হলে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে। ফলে ডেঙ্গি আক্রান্ত কিনা সেটা বুঝতেই সময় লেগে যাচ্ছে।