দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত যেন রাজ্য রাজনীতিতে ‘জয় শ্রীরাম’ ধ্বনি এক বড় ভূমিকা নিচ্ছে। একদিকে তৃণমূলের অভিযোগ, শ্রীরামের নামে রাজনীতি করছে বিজেপি। অন্যদিকে গেরুয়া শিবিরের প্রশ্ন, শ্রীরামের নাম শুনে কেন এত ভয় পাচ্ছে রাজ্যের শাসক দল।
এইরকম পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় ‘জয় শ্রীরাম’ ঘিরে উত্তেজনা ছড়ালো হুগলির শেওড়াফুলিতে। ‘জয় শ্রীরাম’ লেখা মাস্ক বিলি করার অভিযোগে ১৯ আরএসএস কর্মীকে আটক করেছে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ।
সূত্রের খবর, বুধবার সন্ধেবেলা শেওড়াফুলি স্টেশনের রিজার্ভেশন কাউন্টারের কাছে জড়ো হয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কর্মীরা ‘জয় শ্রীরাম’ লেখা মাস্ক বিলি করছিলেন। সেই সময় শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করে। তাদের ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার পরেই ফাঁড়ির সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখানো শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। তাদের অভিযোগ, তৃণমূল নেতৃত্বের নির্দেশে এই কাজ করেছে পুলিশ।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি চাঁপদানির পলতাঘাটে আরএসএস-এর চক্ষু পরীক্ষা শিবিরে ‘জয় শ্রীরাম’ মাস্ক পরা নিয়ে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর জিতেন্দ্র সিংয়ের সঙ্গে ঝামেলা হয় সঙ্ঘের কর্মীদের। সেদিনই সঙ্ঘের তরফে ঘোষণা করা হয়, চাঁপদানি বিধানসভা এলাকায় জয় শ্রীরাম লেখা ৫০ হাজার মাস্ক বিলি করবে তারা। সেই মতোই এদিন শেওড়াফুলি স্টেশনের বাইরে তাদের কর্মসূচি চলছিল বলে জানিয়েছে আরএসএস।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, এই কর্মসূচির কোনও অনুমতি নেওয়া হয়নি। রাস্তায় জমায়েত করে সেটা হচ্ছিল। সাধারণ মানুষের সমস্যা হচ্ছিল তাতে। মানুষ পুলিশের কাছে অভিযোগ করে। তাই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।