দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। শুক্রবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে ডোমকল থানার আলিনগর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সাবিরুল শেখ(৩০) ও সেলিনা বিবি(২৬)।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বছর দশেক আগে বিয়ে হয়েছিল সাবিরুল এবং সেলিনার। চার পুত্র এবং এক কন্যা সন্তানের মা-বাবা ছিলেন এই দম্পতি। পুলিশ জানিয়েছে, কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন সাবিরুল। সপ্তাহ খানেক আগে ঈদ উপলক্ষ্যে বাড়ি ফেরেন তিনি। এবং জানতে পারেন স্থানীয় এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন সেলিনা।
প্রতিবেশিরা জানিয়েছেন, এই ঘটনা জানাজানি হওয়ার পর কয়েকদিন ধরেই অশান্তি লেগে ছিল সাবিরুল এবং সেলিনার মধ্যে। শুক্রবার বেলা এগারোটা নাগাদ প্রতিবেশিরা রান্না ঘরে দম্পতির ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে প্রথমে শ্বাসরোধ করে খুন করেন সাবিরুল। তারপর নিজেও আত্মঘাতী হন।