
শেষ আপডেট: 19 June 2023 08:51
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে তৃণমূলের ব্লক পার্টি অফিসের সামনে তুমুল বিক্ষোভ। টিকিট না পেয়ে পার্টি অফিসেই চেয়ার ছোড়াছুড়ি করলেন বিক্ষুব্ধ তৃণমূলকর্মীরা। বিক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, ব্লক সভাপতি টাকার বিনিময়ের টিকিট দিচ্ছেন। তালিকায় যাদের নাম রয়েছে তাঁরা বার বার ব্লকে এসে প্রতীক চাইলেও তাঁদের ঘোরানো হচ্ছে।
সোমবার সকালে ব্লক অফিসের সামনে ধর্নায় বসেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের একাংশ। খবর পেয়ে ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে ঘিরেও বিক্ষোভ চলতে থাকে। ব্লক অফিসের তালা খুলতে গেলে। তাঁকে বাধা দেওয়া হয়। বাধা পেরিয়ে অফিস খোলা হলে বিক্ষোভকারীরা সেখানে ঢুকে পড়ে টিকিট দেওয়ার জন্য স্লোগান তুলতে থাকেন। ব্লক অফিসের ভিতর থাকা চেয়ার ভেঙে ফেলেন তাঁরা।

বিক্ষোভকারী এক তৃণমূলকর্মীর অভিযোগ, নির্বাচনের ঘোষণা হওয়ার পর দলের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়, যে অঞ্চল সভাপতি সহ ব্লক কমিটি যাকে নির্বাচন করবে, তাঁকেই টিকিট দেওয়া হবে। সেই মতো ১৮টা বুথের রেজুলেশন করে দেওয়ার পরেও তালিকায় থাকা প্রার্থীদের টিকিট দেওয়া হয়নি। একাধিকবার ব্লক অফিসে এসে প্রতীকের টিকিট চাইলেও তা দেওয়া হচ্ছে না।
মহম্মদপুর গ্রামপঞ্চায়েত প্রধান শেখ হাবিবুল জানান, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ৯টি অঞ্চলকে নিজের বলে দাবি করেছিলেন। কর্মীদের টিকিট না দিয়ে শুভেন্দু অধিকারীকেই সুবিধা করে দিচ্ছেন ব্লক সভাপতি। এভাবে অঞ্চলগুলি হাত ছাড়া হয়ে গেলে দলের ক্ষতি হবে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ তাঁর দাবি, টাকা বিনিময়ে প্রার্থী দেওয়া তৃণমূলের সংস্কৃতি নয়। দলের সিদ্ধান্ত যে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা প্রকল্পগুলির সুফল মানুষকে পৌঁছে দেবেন তাঁদেরই দল টিকিট দেবে। এখনও পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়নি।
সাদা থান দিতে এসে পিছু হটল দুষ্কৃতীরা, হুগলিতে প্রতিরোধ গ্রামবাসীদের