
শেষ আপডেট: 24 August 2023 15:50
দ্য ওয়াল ব্যুরো: র্যাগিং, মদ্যপান, গঞ্জিকায় সুখটান, কিংবা যৌনতা- প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU student death) সম্পর্কে এমনই সব বিতর্কে উত্তাল রাজ্য রাজনীতি। উশৃঙ্খল পড়ুয়াদের শিক্ষা দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের হাতে তুলে দিতে বলেছিলেন অনেকেই। তারপরেই বুধবার ক্যাম্পাসে দেখা মিলেছিল অন্তত কুড়ি জন সেনাবাহিনীর উর্দিধারীর (Indian army uniform) তারপর থেকে জল্পনা উস্কে উঠেছিল। কারা এঁরা? ক্যাম্পাসেই বা কে ডেকে পাঠিয়েছে তাঁদের? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে এবার স্বতঃপ্রণোদিত হয়ে ঘটনার বিষয়ে মামলা দায়ের করতে চলেছে পুলিশ (Jadavpur Suo Moto Case)। তার তদন্তে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকেও ডেকে পাঠানো হবে বলে খবর।
সেনাবাহিনীর পোশাক পরা ওই দলের তরফে জানানো হয়, তাঁরা 'বিশ্ব শান্তি সেনা' নামে একটি সংগঠনের সদস্য। কেউই তাঁদের ডেকে পাঠায়নি, সম্পূর্ণ নিজেদের উদ্যোগেই তাঁরা যাদবপুরে গিয়েছিলেন বলে জানান দলের এক সদস্য।
এরপরে আরও দানা বাঁধতে শুরু করে রহস্য। যেখানে ক্যাম্পাস এবং হস্টেল চত্বরে বহিরাগতদের প্রবেশ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে, সেখানে সেনাবাহিনীর পোশাক পরে কীভাবে কেউ বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে যেতে পারে, তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি সামনে আসার পরেই বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করার কথা জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে তাঁর ভূমিকা কী ছিল, তা জানতে রেজিস্ট্রারকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চলেছে বলে খবর।
যাদবপুরের সব কমিটি ভাঙার ইঙ্গিত, বসছে সিসিটিভিও, রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে জানালেন উপাচার্য