
শেষ আপডেট: 19 March 2023 09:01
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতভর শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee) 'ঘনিষ্ঠ' প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। রবিবার সকালে ইডির তরফে জানানো হয়, এই অফিস থেকেই মিলেছে বিপুল পরিমাণ ওএমআর শিট! সংখ্যাটা ৩০০-৪০০। শুধু তাই নয়, চাকরিপ্রার্থীদের নামের তালিকাও পাওয়া গেছে। কীভাবে একজন প্রোমোটারের বাড়িতে নিয়োগ সংক্রান্ত কাগজপত্র এল সেটাই তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শনিবার দুপুর তিনটের কিছু পরে অয়নের বাড়ি ও অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, সল্টলেকের এফডি ব্লকের অফিসের আলমারির মধ্যে থেকে একাধিক ওএমআর শিট ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা মিলেছে। ইডি আধিকারিকরা মনে করেন, অয়নও এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর মাধ্যমে বিপুল পরিমাণ টাকা লেনদেন করা হয়েছে। এমনকী শান্তনু ও অয়নের যৌথ সম্পত্তির হদিশ মিলেছে বলেও ইডি সূত্রে খবর।
শুধু নিয়োগ সংক্রান্ত কাগজপত্র ছাড়াও বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের খোঁজ পাওয়া গেছে বলেও ইডি সূত্রে খবর। এমনকী টলিউডের বেশকয়েকজনের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে টলিপাড়ার কাদের সঙ্গে এই লেনদেন হয়েছে তা এখনও জানা যায়নি। জানা গেছে, অয়নের একটি রেকর্ডিং স্টুডিও রয়েছে।
ইডির বক্তব্য, শান্তনুর দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাড়ে ৬ কোটি টাকার লেনদেন হয়েছে। শনিবার বলাগড়ে শান্তনুর রিসর্টে হানা দিয়েছিল ইডির একটি দল। এছাড়াও শান্তনুর ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। জানা গেছে, জগুদাস পাড়ায় অয়নের তৈরি একটি আবাসনে ফ্ল্যাট ছিল শান্তনুর। সেই সূত্র ধরেই অয়নের বাড়ি ও অফিসে যায় ইডি আধিকারিকরা। অয়ন ও তাঁর বাবা-মাকে জেরা করেন তাঁরা।
শান্তনু 'ঘনিষ্ঠ' অয়নের বাড়িতে রাতভর ইডির তল্লাশি! এখান থেকেই কি টালিগঞ্জ যোগ