
শেষ আপডেট: 7 November 2022 14:47
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: নীতিপুলিশ পড়শিদের চাপ পড়ে কালীমন্দিরে বিয়ে করতে বাধ্য হলেন এক যুবক-যুবতী। তাঁদের আপত্তিকর অবস্থায় দেখার পরেই গ্রামের মানুষ এই বিয়ের ব্যবস্থা করেন (Forced Marriage)।
সোমবার তুফানগঞ্জ থানার (Tufanganj) ঘোগারকুঠি নতুনবাজার এলাকার ওই কালীমন্দিরের বিয়ের আয়োজন করা হয়েছিল। ভিড় উপচে পড়েছিল সেখানে। শুভদৃষ্টি, মালাবদল হওয়ার পর মন্দিরের পুরোহিত মন্ত্র পড়ে বিয়ে দিলেন ওই যুবক-যুবতীর।
রায়গঞ্জে পড়ার ঘরে দ্বাদশ শ্রেণির ছাত্রের দেহ! শরীরে জড়ানো বিদ্যুতের তার
গ্রামবাসীদের অভিযোগ, ঘোগারকুঠি এলাকার ওই যুবতীর সঙ্গে চামটা এলাকার এক যুবকের দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছে। মাঝেমধ্যেই এক সঙ্গে রাত কাটাতেন তাঁরা। এদিন বাড়িতে ওই যুবতী একাই ছিলেন। সেই সময় ওই যুবককে ঢুকতে দেখে সেখানে চড়াও হন গ্রামের মানুষ। তাদের আপত্তিকর অবস্থায় পেয়ে দুজনকেই বাড়িতে আটকে রেখে বাইরে ছিটনি লাগিয়ে দেন।
ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে আসতে হয়। এরপর পুলিশের সামনেই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন ওই যুবক-যুবতী। গ্রামবাসীরা বিয়ের দাবি জানালে, তাঁরা রাজিও হয়ে যান। এরপর দুই পরিবারের উপস্থিতিতে পুলিশের মধ্যস্থতায় ওই যুবক-যুবতীর বিয়ের ব্যবস্থা করেন গ্রামবাসীরা।