
শেষ আপডেট: 22 July 2022 07:33
দ্য ওয়াল ব্যুরো: এবার বিনয় মিশ্র (Binay Mishra) ও বিকাশ মিশ্রর একটি কোম্পানির নামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত (Property Seized) করল ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় ও বিকাশের ওই সম্পত্তির মূল্য আনুমানিক ১৩ কোটি ৬৩ লক্ষ টাকা।
কয়লা মামলায় এর আগেই একাধিক অভিযুক্তর ২০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবার বাজেয়াপ্ত করা হল, পূর্ব বর্ধমানের গোপীনাথপুরে বিনয় ও বিকাশের সংস্থার নামে কেনা ওই সম্পত্তি। বিনয় ও বিকাশের আর কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে ইডি-র তরফে।
শুধু তাই নয়, ইডি সূত্রের খবর, তদন্তকারীরা ইতিমধ্যেই বিনয় ও বিকাশের বিপুল অঙ্কের লেনদের খবর পেয়েছেন। সেই অঙ্ক ৭৩১ কোটি টাকা বলে জানা গেছে। লালা ওরফে অনুপ মাঝির মারফত এই লেনদেন হয়েছে বলে সূত্রের খবর।
তবে কেবল ইডি-র কয়লা মামলা নয়। বিনয় মিশ্রর বিরুদ্ধে যে গরু পাচারের অভিযোগ রয়েছে, তার তদন্ত চালাচ্ছে সিবিআই-ও। বিনয়ের বিরুদ্ধে আগেই হুলিয়া জারি করেছিল তারা।
ইতিমধ্যে তাঁর রাসবিহারীর বাড়িও অ্যাটাচ করেছে ইডি। কিন্তু বারবার তলব করা হলেও, তিনি হাজিরা দেননি। তাই এবার তাঁকে পলাতক অর্থনৈতিক অপরাধী বলে ঘোষণা করতে চলেছে আর এক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের খবর, এই ঘোষণা করার জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়ে দিল্লির পাটিয়ালা কোর্টে আবেদনও করা হয়েছএ সংস্থার তরফে।
শান্তিপ্রসাদ এবং কল্যাণময়ের বাড়িতেও পার্থর মতো ইডি-হানা, এসএসসি মামলায় অভিযুক্ত তাঁরা