দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: কাজে গতি আনতে অভিনব সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। বুধবার সাংবাদিক বৈঠক ডেকে তিনি জানিয়ে দিলেন, আবেদন জমা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনও ব্যবসায়ী ট্রেড লাইসেন্স না পান তাহলে সংশ্লিষ্ট অফিসারের বেতন কাটা হবে।
কী হিসেবে বেতন কাটা হবে তাও জানান মেয়র। জিতেন্দ্র এদিন বলেন, “নতুন লাইসেন্স সাত দিনের মধ্যে দেওয়ার নিয়ম। লাইসেন্স পুণর্নবীকরণের সময় পাঁচ দিন। এর থেকে দেরি হলেই ব্যবস্থা নেওয়া হবে। দিন প্রতি ১০০ টাকা করে মাইনে কাটা হবে সংশ্লিষ্ট অফিসারের।”
পরিষেবা স্বচ্ছ ও গতিশীল রাখতেই এ হেন সিদ্ধান্ত বলে জানিয়েছেন আসানসোলের মেয়র। তিনি বলেন, “ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স সঠিক সময়ে না পেলে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগ খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্পোরেশন।" তবে সাধারণ মানুষের কাছে মেয়রের আবেদন, এই মহামারী পরিস্থিতিতে নতুন লাইসেন্স বা পুণর্নবীকরণের জন্য অনলাইনেই আবেদন করুন। তার জন্য কর্পোরেশনে ছুটে আসার দরকার নেই।
অনেকের মতে, আসানসোল কর্পোরেশনের লাইসেন্স বিভাগ নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়ছিল মেয়রের টেবিলে। বারবার আধিকারিক, কর্মীদের বলেও ঝাঁকুনি দেওয়া যাচ্ছিল না। এবার তাই বেতন কাটার কথা বললেন মেয়র। ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন লাইসেন্সের আবেদন পরে থাকে অফিসারদের ড্রয়ারে। ‘ক্লিয়ার’ই করতে চান না তাঁরা। এবার সেই কাজেই গতি আনতে চাইল তৃণমূল পরিচালিত আসানসোল পুর বোর্ড।
আসানসোল লোকসভা কোনওদিন জিততে পারেনি তৃণমূল। ৮৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত টানা ওই কেন্দ্র ছিল সিপিএমের দখলে। ২০১৪ এবং ২০১৯—দুটি লোকসভা ভোটেই আসানসোল দখল করে বিজেপি। দু’বারই বাবুল সুপ্রিয় সাংসদ হন এই কেন্দ্র থেকে। পর্যবেক্ষকদের মতে, জনমানসে তৃণমূল সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়ার অন্যতম কারণ পুর পরিষেবা। এবার সেখানেই নাড়াচাড়া দিলেন মেয়র।