দ্য ওয়াল ব্যুরো: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবারই এই তালিকা প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের ‘র্যাঙ্কিং’ (এনআইআরএফ) ২০১৯-এর সেরা বিশ্ববিদ্যালয়ের সেই তালিকায় প্রথম দশে রয়েছে পশ্চিমবঙ্গের দু'টি বিশ্ববিদ্যালয়। পঞ্চম স্থানে কলকাতা, এবং ষষ্ঠ স্থানে যাদবপুর।
সূত্রের খবর, এই বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথমেই রয়েছে আইআইএস বেঙ্গালুরুর নাম। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির জেএনইউ। তৃতীয় স্থানে বিএইচইউ, চতুর্থতে ইউনিভার্সিটি অফ হায়দরাবাদ। এর পরে পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। সপ্তম স্থানে অন্না ইউনিভার্সিটি, চেন্নাই। অষ্টমে, অমৃত বিশ্ব বিদ্যাপীঠম বিশ্ববিদ্যালয়, কোয়েম্বাটুর। নবমে, মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন ও দশমে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়।
সেরা বিশ্ববিদ্যালয় ছাড়াও সেরা কলেজের তালিকাতেও রয়েছে এই রাজ্যের দু'টি কলেজের নাম। অষ্টম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, রহড়া। দশমে রয়েছে সেন্ট জ়েভিয়ার্স কলেজ। গত বছর ষষ্ঠ স্থানে ছিল তারা। বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির গত বছর ছিল নবম স্থানে, এ বছর দু’ধাপ পিছিয়ে তারা রয়েছে একাদশ স্থানে।
‘এনআইআরএফ ২০১৮’ প্রকাশিত তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল চতুর্দশ স্থানে। সার্বিক তালিকায় সব বিভাগে প্রশংসিত নম্বর নিয়ে রাষ্ট্রপতি দ্বারা প্রকাশিত ‘এনআইআরএফ ২০১৯’ তালিকায় পঞ্চম স্থানে উঠে এল কলকাতা।
মান-তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয় এতটা উপরে উঠে আসায় খুশি বিশ্ববিদ্যালয়। উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, এই সাফল্যর পিছনে রয়েছে সকল শিক্ষক, অধ্যাপক, অশিক্ষক কর্মী এবং শিক্ষার্থীদের অবদান। ভবিষ্যতর তালিকায় আরও উপরের দিকে উঠবেন তাঁরা।
গত বছর, ২০১৮ সালে এই যোগ্যতা নির্ধারণে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর ছিল ষষ্ঠ স্থানে। এ বছরও তাদের স্থানে কোনও পরিবর্তন হয়নি। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, পাবলিক ফান্ডিং-এর উপর নির্ভরশীলতার কারণে তাই অনেক বিভাগে মানের বিকাশ যথাযথ ভাবে হয়নি। প্রসঙ্গত, গত বছর সার্বিক ভাবে এবং সেরা দশ ইঞ্জিনিয়ারিং-এর তালিকায় আইআইটি খড়্গপুর ছিল যথাক্রমে পঞ্চম ও তৃতীয় স্থানে, এ বছর সার্বিক ভাবে রয়েছে চতুর্থ স্থানে।