দ্য ওয়াল ব্যুরো : জয়নগরের উত্তরপাড়া এলাকায় শুক্রবার বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল তুষার চক্রবর্তী নামে এক স্কুল ছাত্র। তার বয়স ছিল ১২। সে পড়ত ষষ্ঠ শ্রেণিতে। রাতভর খুঁজেও হদিস না মেলায় তার পরিবার শনিবার পুলিশকে জানায়। এদিনই সকালে নিখোঁজ ছাত্রের ব্যবসায়ী বাবার মোবাইলে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। সেকথা জানতে পেরেই আশেপাশের সমস্ত থানা এলাকায় নাকা চেকিং শুরু করে দেয় পুলিশ।
পরে মোবাইলের টাওয়ার লোকেশন দেখে নিখোঁজ ছাত্রের প্রতিবেশী এক কলেজ পড়ুয়াকে পুলিশের সন্দেহ হয়। তাকে ধরে থানায় নিয়ে এসে দফায় দফায় জেরা করা হয়। সে নিখোঁজ ছেলেটিকে খুন করে ফাঁকা মাঠে লুকিয়ে রাখা ও মুক্তিপণ চাওয়ার কথা স্বীকার করে। পুলিশ রাতে ছাত্রটির দেহ উদ্ধার করতে যায় ঘটনাস্থলে। ছাত্রটিকে খুন করার খবর জানাজানি হতেই এলাকায় প্রবল উত্তেজনা সৃষ্টি হয়।