দিলীপ ঘোষ দায়িত্বজ্ঞানহীন, তোপ দাগলেন বাবুল
দ্য ওয়াল ব্যুরো: রবিবার নদিয়ার একটি জনসভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, যারা সম্পত্তি নষ্ট করছে তাদের উত্তরপ্রদেশের মতো গুলি করে মারা উচিত। মেদিনীপুরের সাংসদের এই মন্তব্যের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রী
শেষ আপডেট: 13 January 2020 07:11
দ্য ওয়াল ব্যুরো: রবিবার নদিয়ার একটি জনসভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, যারা সম্পত্তি নষ্ট করছে তাদের উত্তরপ্রদেশের মতো গুলি করে মারা উচিত। মেদিনীপুরের সাংসদের এই মন্তব্যের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। সরাসরি বলে দিলেন, "দিলীপদা দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলেছেন।"
টুইট করে বাবুল লিখেছেন, "দিলীপ ঘোষ যা বলেছেন, তার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তিনি যা বলেছেন, সবটাই তাঁর কল্পনাপ্রসূত।" কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী আরও লিখেছেন, "উত্তরপ্রদেশ বা অসম- কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি।"
https://twitter.com/SuPriyoBabul/status/1216599336366174209
নদিয়ায় একটি জনসভায় রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন দিলীপ। নাগরিকত্ব (সংশোধন) আইনের প্রতিবাদের নামে গত ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। বিশেষ করে ট্রেন পোড়ানো হয়, প্ল্যাটফর্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। তার পরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় “লাঠিচার্জের ও গুলি করার নির্দেশ” না দেওয়ার জন্যই তাঁকে নিশানা করেন দিলীপ ঘোষ। এখানেই থামেননি দিলীপ ঘোষ। মেদিনীপুরের সাংসদ বলেন, “এসব কি তাদের বাপের সম্পত্তি? করদাতাদের অর্থে তৈরি এইসব সরকারি সম্পত্তি তারা নষ্ট করে কী ভাবে!” তিনি বলেন, “এইসব দেশবিরোধীদের উপর গুলি চালিয়ে ঠিক কাজই করেছে উত্তরপ্রদেশ, অসম ও কর্নাটক সরকার।”
এর আগেও বাবুল-দিলীপ কাজিয়া দেখেছিল বাংলার রাজনীতি। গতবছর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী যখন মেদিনীপুর কলেজিয়েট ময়দানে এসেছিলেন, সেদিনও দেখা গিয়েছিল মঞ্চের নীচে প্রকাশ্যে বিতণ্ডায় জড়িয়েছিলেন বাবুল-দিলীপ। এদিন ফের একবার সামনে এল দুই সাংসদের কাজিয়া।