
অভিযুক্ত ব্যক্তি
শেষ আপডেট: 18 December 2024 18:28
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: বিশেষভাবে সক্ষমদের শংসাপত্র দেওয়ার নাম করে হাসপাতালে রমরমিয়ে চলছে দালাল চক্র। বুধবার হাসপাতাল সুপারের কাছে ডেপুটেশন দিতে এসে হাতেনাতে এক দালালকে ধরল প্রতিবন্ধীদের রাজ্য সংগঠন। ঘটনাটি ঘটে দিনহাটা মহকুমা হাসপাতালে।
দিনহাটা খোচাবাড়ি এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আতোয়ার হোসেন এদিন দিনহাটা মহকুমা হাসপাতালে সার্টিফিকেট নিতে এসেছিলেন। অভিযোগ, সনু ঘোষ নামের এক ব্যক্তি তাঁকে জানায় ৭০০ টাকার বিনিময়ে সে সব কাজ করে দেবে। পরবর্তীতে আতাউর হোসেনের কাছ থেকে সনু ঘোষ ৭০০ টাকা নিয়ে তাঁর যাবতীয় কাগজপত্র জমা নেয়। কিন্তু অভিযুক্ত সনু ঘোষ জানতেন না হাসপাতালে আগে থেকেই সতর্ক হয়ে বসে আছে সংগঠনের নেতৃত্ব। সেই দালালকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় তারা।
এ বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী কমিটির সদস্য জীবনকৃষ্ণ দেবনাথ বলেন, "দালাল চক্রের অভিযোগ পেয়ে আমরা আগে থেকেই এসে উপস্থিত হয়েছিলাম, আর তারপরেই হাতেনাতে একজনকে ধরা হল।"
দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল বলেন, "অভিযোগের ভিত্তিতে একজনকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আরও সতর্ক এবং কড়া অবস্থান নেওয়া হবে।"