
শেষ আপডেট: 11 February 2023 03:06
দ্য ওয়াল ব্যুরো: এবারের রেল বাজেটে (Railway Budget) বাংলার বিভিন্ন রেল প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১১ হাজার ৯৭০ কোটি টাকা। গত বছরের তুলনায় এক হাজার কোটি টাকারও বেশি। বিদায়ী আর্থিক বছরে (২০২২-’২৩) বাংলায় রেলের প্রকল্পে বরাদ্দের পরিমাণ ছিল ১০ হাজার ২৬২ কোটি টাকা।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণর দাবি, বাংলার জন্য এবার রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বাংলায় বরাদ্দের তুলনামূলক হিসাব দিয়েছেন। ২০০৯-২০১৪ পর্যন্ত এই পাঁচ বছরে বাংলায় রেলের বরাদ্দে পরিমাণ ছিল বছরে গড়ে চার হাজার ৩৮০ কোটি টাকা। এখন তা বেড়ে আড়াই গুণের বেশি হয়েছে।
প্রসঙ্গত, এরমধ্যে ২০১১-র মে মাস পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর রেলমন্ত্রীর দায়িত্ব সামলান তৃণমূলের মুকুল রায় ও দীনেশ ত্রিবেদী। অর্থাৎ, মমতা সহ তৃণমূলের নেতাদের হাতে যখন রেলমন্ত্রক ছিল তখনকার তুলনায় বিজেপি জমানায় বাংলা বেশি পাচ্ছে বলে হিসাব দিয়ে দাবি করেছেন রেলমন্ত্রী।
বাংলার প্রতি আর্থিক অবরোধ? বাজেট বিতর্কে সওয়ালে জবাবে নির্মলা, তৃণমূল ও নবান্ন
রেলমন্ত্রী জানিয়েছেন, বাংলায় এখন মোট ৫১ হাজার ৬৪৫ কোটি টাকার রেল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এরমধ্যে ৫০টি প্রকল্প আছে রেলের পরিকাঠামো বৃদ্ধি ও উন্নয়নের। এগুলির ১৬টি নতুন লাইন স্থাপন, চারটি গেজ পরিবর্তন এবং ৩০টি ডবল লাইন নির্মাণের কাজ। বাংলায় বছরে গড়ে ১২৫ কিলোমিটার রেলপথ তৈরির কাজ চলছে।
দ্বিতীয় ইউপিএ-র সময়কালের তুলনায় বর্তমান সরকারের সময়ের বরাদ্দের তুলনামূলক চিত্র তুলে ধরে রেলমন্ত্রী বৈষ্ণ দেখাতে চেয়েছেন, রেলে অন্তত বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ করার অবকাশ নেই। সংসদে তিনি বলেছেন, সরকারের সবকা সাথ, সবকা বিকাশ নীতি মেনেই রেল বাজেটে রাজ্যগুলিকে বরাদ্দ করা হয়।