
শেষ আপডেট: 26 February 2023 06:34
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: মেলা দেখে বাড়ি ফেরার পথে ধর্ষণের (rape) শিকার এক আদিবাসী মহিলা (Adibasi woman)। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাসপুর বেলতলা এলাকায়। ইতিমধ্যে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চ। দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাতে দাসপুরের ঝুমঝুমি এলাকার ৪০ বছর বয়সি এক আদিবাসী মহিলা মেলা দেখে রাতের অন্ধকারে বাড়ি ফিরছিলেন। সেইসময় দাসপুরের চাঁদপুরে একটি ইঁটভাটার সামনে ঐ মহিলাকে জোরজবরদস্তি টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুই যুবক।
ওই মহিলার দাবি, ওই দুই ব্যক্তি ইঁটভাটারই কর্মচারী। মেলা দেখে ভাটার রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় ওই দুই যুবক অতর্কিতে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর টেনে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে। অনেকক্ষণ পর মহিলার চিৎকার শুনে কয়েকজন মহিলা এসে তাঁকে উদ্ধার করে। প্রথমে পুরো বিষয়টি মিটমাট করে নেওয়ার কথা বলা হয় বলে অভিযোগ। যদিও পরে ওই মহিলা অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে আদিবাসী সংগঠনের দ্বারস্থ হন।
অবশেষে শনিবার রাতে দাসপুর থানায় ঘটনার প্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রোদের দাপট বাড়ছে, বসন্তেও গরমে হাঁসফাঁস অবস্থা, কী বলছে হাওয়া অফিস