দ্য ওয়াল ব্যুরো: বিজেপি (bjp) ছাড়ছেন আটের দশকের বাংলা সিনেমার নায়ক জয় ব্যানার্জি (joy banerjee) । দলের প্রাথমিক সদস্যপদ (primary membership) ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দীর্ঘদিন গেরুয়া শিবিরে থাকা এই টলিউড অভিনেতা (tollywood actor)। ইদানীং বিজেপি ছেড়ে শাসক দলে (tmc) ফেরার যে ট্রেন্ড বহাল রয়েছে, সেই আবহেই পদ্মশিবির ছাড়ছেন জয়। সাম্প্রতিক বছরগুলিতে দলে উপেক্ষার শিকার হয়েই তাঁর এমন সিদ্ধান্ত, জানিয়েছেন তিনি।
২০১৯ এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে টলিপাড়ার একগুচ্ছ অভিনেতা, অভিনেত্রী বিজেপিতে যোগ দিয়েছিলেন। কেউ তৃণমূল থেকে, কেউ বাম শিবির থেকে। সেবার লোকসভা ভোটে ১৮টা আসন জিতে ঘাসফুল শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল বিজেপি। তবে ক্রমশঃ সেই প্রবণতা যত দিন গিয়েছে,তত দুর্বল হয়েছে। আর ২০২১ এর বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর টলিপাড়ার বেশ কিছু মুখ আবার শিবির বদলেছেন। জয় অবশ্য বিজেপিতে গিয়েছিলেন এঁদের অনেক আগে। ২০১৪য়। টলিপাড়াতেও তিনি ততদিনে প্রাক্তন। দুবার বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়েও জিততে পারেননি।
সংবাদ সংস্থার খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) চিঠি (letter) লিখেছেন বলে জানান জয়। বিজেপির সঙ্গে তাঁর যাবতীয় সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত তাঁকে চিঠিতে জানিয়েছেন। জয় বলেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই, কিন্তু সেটা বিজেপিতে থেকে সম্ভব নয় আমার পক্ষে।
ক্ষোভ উগরে দিয়ে তাঁকে বিজেপির জাতীয় কর্মসমিতি থেকে বাদ দেওয়া হয়েছে বলে উল্লেখ করে জয় অভিমানের সুরে বলেন, আমার নিরাপত্তাও প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। আমি কিন্তু দলে নতুন নই। ২০১৪ সালে দলে যোগ দিয়েছিলাম। ২০১৭ য়ে নরেন্দ্র মোদীকে বলেছিলাম, আমি সংগঠনের জন্য আরও কাজ করতে চাই। কিন্তু কোনও সাড়া মেলেনি। আর অবহেলা সহ্য করতে পারব না।
ঘটনাচক্রে জয়ের স্ত্রী অনন্যা ব্যানার্জি তৃণমূলের নেত্রী, কলকাতা পুরসভার নির্বাচিত জনপ্রতিনিধি। তবে কি তিনিও স্ত্রীর পথে হাঁটবেন, জানতে চাওয়া হলে এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানান জয়।
এদিকে জয়ের অসন্তোষ প্রকাশ করে দল ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, জয়ের মনে হয়তো কিছু দুঃখ-ব্যথা আছে। ওকে দলে এনেছিলাম আমিই। কিছুদিন ধরেই দেখছি, ওকে হতাশা গ্রাস করেছে। কিছুটা বিপর্যস্ত, ওর পাশে আমাদের দাঁড়ানো উচিত। যতটা ওঁর পাশে থাকার কথা, ততটা দল থাকেনি, স্বীকার করেন তিনি। তবে শেষ পর্যন্ত মান-অভিমান ত্যাগ করে জয় বিজেপিতেই থেকে যাবেন বলে আশা প্রকাশ করেন রাহুল।