দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: অটোর সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল পাঁচ অটো যাত্রীর। ডালখোলা থানার পূর্ণিয়া মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে বুধবার দুপুর ৩টে নাগাদ। ঘটনায় গুরুতর জখম অটোর আরও দুই যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের চিকিৎসা চলছে ইসলামপুরের মহকুমা হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, এ দিন বেলার দিকে ডালখোলা রেলগেট থেকে যাত্রী বোঝাই ওই অটো পূর্ণিয়া মোড়ের দিকে যাচ্ছিল। মোড়ের কাছাকাছি পৌঁছতেই শিলিগুড়ি থেকে প্রচণ্ড গতিতে একটি ট্রাক অটোর মুখোমুখি চলে আসে। প্রত্য়ক্ষদর্শীদের কথায়, অটো চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। মুখোমুখি ধাক্কা লাগে অটো ও ট্রাকের। অটোর সামনের অংশ ভেঙেচুরে তুবড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চার জন যাত্রী। বাকি তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরাই। সন্ধের দিকে মৃত্য়ু হয় তাঁদের মধ্য়ে একজনের।
মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, মৃতেরা সকলেই সম্ভবত বিহারের বাসিন্দা। অটোটিতেও ছিল বিহারের রেজিস্ট্রেশন। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পরেই জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশি সহায়তায় ফের যান চলাচল শুরু হলেও এলাকায় যছেষ্ট উত্তেজনা রয়েছে বলে খবর। পূর্ণিয়ার মোড়ের কাছে পুলিশ মোতায়েন করা হয়েছে।