দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: প্রধানশিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে স্কুলে তালা দিয়ে দিলেন অভিভাবকরা। গেটের বাইরে অপেক্ষা করে ফিরে গেলেন শিক্ষক শিক্ষিকারা। পড়াশোনা শিকেয় উঠল হুড়া ব্লকের পাঞ্জনিয়া জেডিআর উচ্চ বিদ্যালয়ে।
এক মাস আগে নতুন প্রধান শিক্ষক হিসেবে এই স্কুলে যোগ দিয়েছিলেন শিশির দেওঘরিয়া। গতকাল ছিল দায়িত্ব বুঝে নেওয়ার দিন। আর পুরনো হিসেবপত্র পরীক্ষা করে গতকালই স্কুলের দায়িত্ব নিতে নারাজ হন নতুন প্রধান শিক্ষক। সেই নিয়েই সকাল থেকে তুলকালাম চলে পাঞ্জনিয়া জেডিআর উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার সকালে স্কুলের শুরুতে প্রার্থনার সময় ছাত্রছাত্রীদের কাছে চলে যাবার কথা ঘোষণা করেন তিনি। তারপরই ক্ষোভে ফেটে পড়ে স্কুলের পড়ুয়ারা। খাতার পাতায় প্রধান শিক্ষককে চলে না যাওয়ার আর্জি জানিয়ে পোস্টার লিখে ক্লাসের বাইরে এসে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে তারা। শনিবার প্রধানশিক্ষককে ফেরানোর দাবিতে স্কুল গেটে তালা ঝুলিয়ে দেন অভিভাবক এবং পড়ুয়ারা।
পাঞ্জনিয়া জেডিআর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া সংখ্যা ৫৬৭ জন। অভিভাবকদের দাবি, আগে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তাঁর আমলে হিসাবের গরমিলের কারণেই নতুন প্রধান শিক্ষক দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না। পাশাপাশি স্কুলের শিক্ষকদের একাংশও তাঁর যোগদানে খুশি নন। তবে নতুন প্রধানশিক্ষক শিশিরবাবু এই বিষয়ে মিডিয়ার সামনে মুখ খুলতে চাননি। কথা বলতে রাজি হননি প্রাক্তন টিচার ইনচার্জও। অভিভাবকরা বলছেন, “নতুন প্রধানশিক্ষক কাজে যোগ দেওয়ার পর সুষ্ঠুভাবে সবকিছু চলছিল। শিক্ষকদের ঝামেলা তাঁরা যেন নিজেরাই মেটান। পড়ুয়াদের পড়াশোনার যেন কোনও ক্ষতি না হয়।”
ডিআই (মাধ্যমিক) সুজিত সামন্ত বলেন, "আমি প্রধানশিক্ষকের পদত্যাগপত্র পেয়েছি। আমাদের প্রধান কাজ হচ্ছে স্কুলের মিডডে মিল ও পঠনপাঠন ঠিক রাখা। কে আসছেন কে যাচ্ছেন, তা দেখা নয়।"
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিধানচন্দ্র মাহাতো বলেন, "আমরা পুরো বিষয়টি দেখছি। অভিভাবকদের যদি কোনও কিছু অভিযোগ থাকে তাঁরা লিখিতভাবে জানাক।"