
শেষ আপডেট: 26 October 2022 02:19
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: কালীপুজোর (Kali Puja) প্রসাদ খেয়ে অসুস্থ (sick) হয়ে পড়লেন একই সঙ্গে অন্তত ৩০ জন। অসুস্থদের মধ্যে রয়েছে শিশু ও মহিলা। তাঁদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে (Hospitalized)।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের (Raiganj) কাশীবাটি এলাকাতে। সুত্রে খবর ওই এলাকার বাসিন্দা অজয় দাস সোমবার নিজের বাড়িতে শ্যামা পূজার আয়োজন করেছিলেন। মঙ্গলবার সেই পূজার প্রসাদ বিতরণ করা হয় আত্মীয়-পরিজন পাড়া প্রতিবেশীদের মধ্যে। প্রসাদ হিসেবে রাখা হয়েছিল ফ্রায়েড রাইস, পনির, চাটনি ও পায়েস। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ধাপে ধাপে প্রসাদ বিতরণ করা হয়। তারপর বিকাল থেকেই একের পর এক মানুষের অসুস্থ হয়ে পড়ার খবর আসতে শুরু করে।
শিশু ও মহিলাসহ অন্তত ৩০ জনের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। পায়খানা, বমি ও পেট ব্যথার উপসর্গ নিয়ে তাঁদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভোগের খাবার অসুরক্ষিত রাখার কারণে তাতে বিষক্রিয়া হয়ে যায়। সেই খাবার খাবার পরেই একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়তে থাকেন বলে অনুমান।
গ্রামবাসীদের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের দেখতে ছুটে যান গ্রাম পঞ্চায়েতের সদস্য নগেন বর্মন। তিনি জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে। অসুস্থরা সকলে চিকিৎসাধীন রয়েছেন। তবে আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নগেনবাবু।