দ্য ওয়াল ব্যুরো: ফোনের ও প্রান্তের গলাটা শুনেই সারা শরীর কেঁপে উঠেছিল বৃদ্ধের। ছেলে রেজাউলের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে দু’চোখের পাতা এক করতে পারেননি বৃদ্ধ মুজিবুর রহমান। বারে বারে জ্ঞান হারাচ্ছেন রেজাউলের স্ত্রী। শোকের ছায়া কাকদ্বীপের রামতনু নগরের একটেরে ছোট্ট বাড়িটিতে।
গত ছয়-সাত বছর ধরে জাহাজে করতেন রেজাউল। আড়াই মাস আগে পাড়ি দিয়েছিলেন গুজরাটে। গত ২১ ডিসেম্বর মাঝ সমুদ্রে ডিজেল ভর্তি একটি জাহাজে আগুন লেগে যায়। পুড়ে মৃত্যু হয় অনেকের। ছ’জন এখনও নিখোঁজ। সেই জাহাজেই ছিলেন রেজাউল হক নস্কর(৪০)। পুলিশ জানিয়েছে, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
রেজাউলের ভাইপো ইঞ্জামুলের কথায়, নিজের এলাকাতেই প্রথমে কাজ শুরু করেছিলেন রেজাউল। বাড়িতে স্ত্রী, বৃদ্ধ বাবা ছাড়াও তিন মেয়ে রয়েছে তাঁর। বেশি রোজগারের আশায় তাই রেজাউল পাড়ি দিয়েছিলেন গুজরাটে। সেখানে পুনে মেরিন কোম্পানির এম ভি বরুণ নামে একটি জাহাজে কাজ শুরু করেছিলেন তিনি। গত শুক্রবার, মাঝ সমুদ্রে ডিজেল ভর্তি জাহাজটিতে আগুন লেগে যায়। ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, দাউ দাউ করে জ্বলছে জাহাজ। ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক। ধীরে ধীরে গোটা জাহাজটাই ডুবে যায় সমুদ্রে। দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের কোনও খোঁজ পাওয়া যায়নি।